আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে : অর্থ উপদেষ্টা
সংগৃহীত
নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার নতুন শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি জানান, বর্তমানে আনসারদের ব্যবহৃত অনেক অস্ত্রই পুরোনো হয়ে গেছে, তাই এগুলো পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে।
তিনি বলেন, আগে সিদ্ধান্ত হয়েছিল ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনা হবে। তবে এখন আর সব কেন্দ্রের জন্য ক্যামেরা কেনা হবে না। শুধু ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই বডি অন ক্যামেরা দেওয়া হবে। ক্রয় প্রক্রিয়া স্বচ্ছতার সাথে সম্পন্ন হবে এবং বিষয়গুলো নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে চূড়ান্ত করবে।
উপদেষ্টা আরও জানান, চাহিদা বেড়ে যাওয়ায় এক কোটি ই-পাসপোর্টের বই কেনার জন্য বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি টিকার সংকট বিবেচনায় নিয়ে ইপিআই টিকা কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, রোজার আগে বাজারে চাপ কমাতে চাল ও গম আমদানি করা হবে, যাতে দাম নিয়ন্ত্রণে রাখা যায়।
