‘দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে’
সংগৃহীত
দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালোভাবে চলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি নিয়ে তিনি বলেন, বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। বিভিন্ন গ্রুপ অব কোম্পানিগুলোর ক্লেইমটি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। যদি সফল হয়, তাহলে দ্রুত পজিটিভ ফলাফল আসবে।
শনিবার দুপুরে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে টাঙ্গাইলের বাসাইলে ওয়াটার গার্ডেন রিসোর্টের হলরুমে এমএফআই-ব্যাংক লিংকেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের এমআরএ-এর নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন প্রমুখ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এনজিওর চেয়ারম্যানবৃন্দও উপস্থিত ছিলেন।
