পুঁজিবাজার থেকে সবসময় মুনাফা আসবে এমন ভাবা ভুল : অর্থ উপদেষ্টা
সংগৃহীত
পুঁজিবাজার থেকে সবসময় লাভ আসবে—এমন ধারণা ভ্রান্ত বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার মতে, কেউ যদি পুঁজিবাজারকে নিয়মিত আয়ের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে ভাবেন, তাহলে সে বিনিয়োগকারী বিপদের মুখে পড়তে পারেন।
রাজধানীর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। “বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন: রাজস্ব ক্ষেত্র, অবকাঠামো সরবরাহ এবং ইসলামী মানি মার্কেট উন্নয়ন” শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ডিএসই।
সেমিনারে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ক্যাপিটাল মার্কেটে যেমন মুনাফার সুযোগ আছে, তেমনি রয়েছে ক্ষতির ঝুঁকিও। শেয়ার ও বন্ডে বিনিয়োগ করা মানে হচ্ছে লাভ-ক্ষতির অংশীদার হওয়া। এই ঝুঁকির বিষয়টি বিনিয়োগকারীদের ভালোভাবে অনুধাবন করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে এখনো ক্যাপিটাল মার্কেট কাঙ্ক্ষিত মাত্রায় উন্নত হয়নি। সরকারি বন্ড থাকলেও সেখানে বেসরকারি খাতের অংশগ্রহণ অত্যন্ত সীমিত। শেয়ারবাজারও এখনও দুর্বল অবস্থানে রয়েছে। ফলে বড় প্রকল্পগুলোর অর্থায়নে ঝুঁকি ভাগাভাগির সুযোগ না থাকায় ব্যাংক নির্ভরতা বাড়ছে। এর ফলেই একদিকে ঋণখেলাপির পরিমাণ বাড়ছে, অন্যদিকে তহবিল অপব্যবহারের ঘটনাও ঘটছে।
অর্থ উপদেষ্টার মতে, এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন বন্ড, ডিবেঞ্চার ও শেয়ার মার্কেটে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো। শুধু ব্যাংক ঋণের ওপর নির্ভর করে অর্থায়ন করা কোনো টেকসই সমাধান নয়। বিনিয়োগকারীদের বোঝাতে হবে—পুঁজিবাজার মানেই শুধু লাভ নয়, এখানে ঝুঁকিও রয়েছে।
সেমিনারে ড. সালেহউদ্দিন সুকুক বাজার প্রসঙ্গে বলেন, বর্তমানে প্রায় ২৪ হাজার কোটি টাকার সুকুক রয়েছে, যেগুলোর বেশিরভাগই শিক্ষা ও স্যানিটেশন খাতে ব্যবহৃত হওয়ায় এর আর্থিক রিটার্ন কম। তবে এসব বন্ড যদি উৎপাদনমুখী বেসরকারি খাতে বিনিয়োগ করা যেত, তাহলে তা লাভজনক হতো এবং ব্যাংক ব্যবস্থার ওপর চাপও কমত। তিনি বলেন, প্রকৃত সম্পদভিত্তিক সুকুকই বিনিয়োগকারীদের আস্থা তৈরি করতে পারে।
এ সময় তিনি সিকিউরিটাইজেশনের কথাও উল্লেখ করেন। তার মতে, বাংলাদেশে এখনও সিকিউরিটাইজেশন প্রক্রিয়া কার্যকর হয়নি। অথচ মেট্রোরেলসহ বড় প্রকল্পগুলোতে এই পদ্ধতি ব্যবহার করা হলে বিশ্বব্যাংকের ঋণ নির্ভরতা হ্রাস পেত। একইসঙ্গে তিনি পেনশন ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড ব্যবহারে সচেতন থাকার পরামর্শ দেন, কারণ এগুলো সরকারের দীর্ঘমেয়াদি দায়ের অংশ।
ড. সালেহউদ্দিন মনে করেন, শুধু মূলধন ও সুকুক বাজার নয়, দেশের বীমা খাতের উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে কর কাঠামো এবং প্রণোদনা ব্যবস্থার সংস্কার প্রয়োজন, যাতে করে বেসরকারি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসে এবং তারা বাজারে সক্রিয় অংশগ্রহণে আগ্রহী হন।
এই সেমিনারে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
