ভেঙে গেলো সোনালী লাইফ ইনস্যুরেন্সের পর্ষদ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। রোববার আইডিআরএর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার আইডিআরএ পরিচালক (আইন) মোহাম্মদ আব্দুল মজিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করে নিয়ন্ত্রণ সংস্থা। আজ রোববার থেকে আদেশটি কার্যকর হয়েছে।
আইডিআরএর নির্দেশনায় বলা হয়, বিমা আইন ২০১০ এর ধারা-৯৫(১) এর প্রদত্ত ক্ষমতাবলে সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিদ্যমান পরিচালনা পর্ষদকে ছয় মাসের জন্য সাসপেন্ড করা হলো। একই সঙ্গে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীনে বিমাকারীর কার্যক্রম ব্যবস্থাপনার জন্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস, এনডিসি, পিএসসি, (অব:)-কে প্রশাসক নিয়োগ করা হলো।
এতে আরও বলা হয়, সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লি: এর প্রাক্তন চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস ও কয়েকজন পরিচালকের বিরুদ্ধে প্রাপ্ত আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করার জন্য কর্তৃপক্ষ কর্তৃক নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানিকে নিয়োগ করা হয়। তদন্তকারী প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনে একাধিক অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রমাণাদি পাওয়া যায়।
কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীনে বিমাকারীর কার্যক্রম ব্যবস্থাপনার জন্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস, এনডিসি, পিএসসি, (অব:)-কে প্রশাসক নিয়োগ করা হয়েছে। শিগগিরই একটি যোগ্য দেশি/বিদেশি একটি অডিট ফার্ম দ্বারা কোম্পানির পূর্ণাঙ্গ অডিট সম্পন্ন করতে হবে বলে নির্দেশনায় বলা হয়।
