এবার একীভূত হচ্ছে বেসিক ও অগ্রণী ব্যাংক, নীতিমালা জারি
এবার একীভূত হচ্ছে বেসিক ও অগ্রণী ব্যাংক। সম্প্রতি সবল ব্যাংকগুলোর সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই ধারাবাহিকতায় এবার রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক একীভূত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সভায় সিদ্ধান্ত জানানো হয়েছে। সভায় একীভূত করার নির্দেশনা জানিয়ে অচিরেই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ সভা ডেকে এ-সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার ব্যাংক একীভূতকরণ (মার্জার) বিষয়ে একটি নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নীতিমালা অনুযায়ী সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকগুলো একীভূত করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোনালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক-বিডিবিএল, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসিক ব্যাংক ও অগ্রণী ব্যাংক- এই ৬ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। সোনালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক-বিডিবিএল, বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব অচিরেই একীভূত হবে বলে গভর্নরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর এমডিদের আলাদা সভায় জানিয়ে দেওয়া হয়েছে। সে অনুযায়ী পর্ষদ সভায় সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে বলা হয়েছে। আর তা না হলে কেন্দ্রীয় ব্যাংক নিজ উদ্যোগে এসব ব্যাংক একীভূক করবে বলে সভায় উপস্থিত সূত্র জানিয়েছে।
নীতিমালায় অনুযায়ী, খারাপ অবস্থায় থাকা ব্যাংকগুলো নিজ থেকে একীভূত না হলে বাধ্যতামূলকভাবে একীভূতকরণ করা হবে। একীভূতকরণের আগে দুই ব্যাংকের মধ্যে একটি সমঝোতা সই করতে হবে। এরপর বিস্তারিত পরিকল্পনা বিশেষ করে আমানতকারী, সব পাওনাদার ও বিনিয়োগকারীর অর্থ ফেরতের পরিকল্পনা জমা দিতে হবে। এরপর বাংলাদেশ ব্যাংক বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের সার্বিক আর্থিক চিত্র বের করবে। বিভিন্ন প্রক্রিয়া শেষে সর্বশেষ আদালতের কাছে একীভূতকরণের আবেদন করতে হবে।
