নতুন সময়সূচিতে পুঁজিবাজারে লেনদেন চলছে
রোজা উপলক্ষ্যে আজ মঙ্গলবার থেকে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল সাড়ে ৯টায়, চলবে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। এর আগে ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে পুঁজিবাজারে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। পোস্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ৩০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত। আর অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
এদিকে রমজানে প্রথম দিনে নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ৫৩ পয়েন্ট।
রমজান মাসে বিমা কোম্পানির জন্য নতুন সময় সূচি নির্ধারণ করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বিমা কোম্পানিগুলোকে পাঠানো চিঠিতে আইডিআরএ উল্লেখ করেছে, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার অফিস খোলা থাকবে। অফিসের সময়সূচি হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মাঝে ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
