ফেব্রুয়ারিতে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়াল
সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। রোববার (১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, ফেব্রুয়ারিতে দেশে এসেছে ৩০২ কোটি ডলার বা ৩ দশমিক ০২ বিলিয়ন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকার সমান। আগের বছরের একই মাসে রেমিট্যান্স ছিল ২৫২ কোটি ডলার। সেই হিসাবে এক বছরে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২৪৫ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১ হাজার ৮৪৯ কোটি ডলার। অর্থাৎ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২১ দশমিক ৪ শতাংশ।
খাতসংশ্লিষ্টদের বিশ্লেষণ, রমজান ও ঈদ উপলক্ষে পরিবারে বাড়তি ব্যয় মেটাতে প্রবাসীরা অতিরিক্ত অর্থ পাঠাচ্ছেন। এর প্রভাব সরাসরি রেমিট্যান্স প্রবাহে পড়েছে। ধারাবাহিক এই ঊর্ধ্বমুখী প্রবণতা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশে আসে ৩১৭ কোটি ডলার (প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা), যা একক মাস হিসেবে তৃতীয় সর্বোচ্চ। তার আগের মাস ডিসেম্বরে আসে ৩২২ কোটি ডলার— এটি দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেকর্ড। দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স আসে গত বছরের মার্চে, ঈদুল ফিতরের সময়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫ সালে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩ হাজার ২৮২ কোটি ডলার।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৩ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম–৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলার।
