টানা চার দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংকের সব সেবা
কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়ন ও আধুনিকায়নের জন্য টানা চার দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম। রোববার (২২ নভেম্বর) ব্যাংকটির সেবা সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতি দিয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১২টা ১ মিনিট থেকে শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পদ্মা ব্যাংকের সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে।
এ সময়ে ব্যাংকটির সব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিংয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে না। একই সঙ্গে চেক ক্লিয়ারিং, ইএফটি, আরটিজিএস ও এনপিএসবি লেনদেনও বন্ধ থাকবে।
এ ছাড়া গ্রাহকেরা এ চার দিন পদ্মা ব্যাংকের ডেবিট কার্ড, মোবাইল ওয়ালেট, পয়েন্ট অব সেল (পিওএস), এটিএম বুথ, ই-কমার্স ও ইন্টারনেট ব্যাংকিংয়ের কোনো সেবা নিতে পারবেন না।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ অনুমতি দিয়েছে। গ্রাহকসেবার মান বাড়াতে কোর ব্যাংকিং ব্যবস্থা উন্নয়ন ও আধুনিকায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে পদ্মা ব্যাংক কর্তৃপক্ষ।
