বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন: সিটি ব্যাংকের প্রতিবাদ
সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে প্রচারিত সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম এবং অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত সংবাদকে ‘বিভ্রান্তিকর ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এক আনুষ্ঠানিক প্রতিবাদ ও ব্যাখ্যায় সিটি ব্যাংক জানিয়েছে, প্রকৃত তথ্য উপেক্ষা করে ব্যাংকের একটি সম্পূর্ণ আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।
ব্যাংকটির ব্যাখ্যায় বলা হয়, সংশ্লিষ্ট গ্রাহকের কয়েকটি প্রতিষ্ঠান ২০১৬ সাল থেকে সিটি ব্যাংকের কাছ থেকে মোট ৫৫ কোটি ৭৬ লাখ টাকার ঋণসুবিধা গ্রহণ করে। ২০২২ সালে এই ঋণ অনিয়মিত হয়ে পড়লে গ্রাহকের অনুরোধে পুনঃতফসিলসহ (রিশিডিউল) বিভিন্ন সুবিধা দেওয়া হয়। কিন্তু এরপরও ঋণটি পরিশোধ করা হয়নি। পরবর্তীতে ২০২৪ সালে ঋণটি পুনরায় খেলাপি হলে গ্রাহককে একাধিকবার আইনি নোটিশ এবং ঋণ সমন্বয়ের সুযোগ দেওয়া হয়। এমনকি গ্রাহক নিজেই ৪৫ কোটি টাকায় ঋণ সমন্বয়ের লিখিত অঙ্গীকার করেও তা রক্ষা করেননি।
সিটি ব্যাংক জানায়, কোনো উপায় না পেয়ে অর্থঋণ আদালত আইন ও ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুসরণ করে বন্ধক রাখা সম্পত্তি প্রকাশ্য নিলামে তোলা হয়। নিলামের আগে স্বীকৃত মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ওই সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছিল ২২ কোটি ৮৫ লাখ টাকা এবং তাৎক্ষণিক বিক্রয়মূল্য ১৬ কোটি ৬৬ লাখ টাকা। কিন্তু ব্যাংক শেষ পর্যন্ত সম্পত্তিটি ৩০ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি করতে সক্ষম হয়, যা নির্ধারিত বাজারমূল্যের চেয়ে অনেক বেশি। তাই ‘অত্যন্ত কম মূল্যে সম্পত্তি বিক্রির’ যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।
প্রতিবাদলিপিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিনকে জড়িয়ে প্রকাশিত তথ্যেরও তীব্র নিন্দা জানানো হয়। ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, ব্যাংকের প্রাতিষ্ঠানিক ও আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে এমডির ব্যক্তিগত অর্থ আত্মসাতের ঘটনা হিসেবে উপস্থাপন করা নিন্দনীয়, যা তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনামের পাশাপাশি ব্যাংকের ভাবমূর্তিকেও ক্ষুণ্ন করে।
এছাড়া, একটি বিদেশি ব্যাংকের আমন্ত্রণে গ্লোবাল ইভেন্টে বক্তা হিসেবে অংশগ্রহণ এবং পরবর্তীতে উমরাহ পালনের উদ্দেশ্যে এমডির পূর্বনির্ধারিত ও অনুমোদিত বিদেশ সফরকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশ করাকে ‘অনভিপ্রেত ও অন্যায়’ বলে উল্লেখ করেছে ব্যাংকটি।
যেকোনো আইনানুগ অনুসন্ধানে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে সিটি ব্যাংক জানায়, কোনো অভিযোগের অনুসন্ধান শুরু করার জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ হওয়া আর অভিযোগ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। প্রকৃত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর বক্তব্য সংশোধন এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
