রাজধানীজুড়ে ককটেল আতঙ্ক
ছবি সংগৃহীত
থানার ফটক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, এমনকি আদালত চত্বরে—একটির পর একটি স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে রাজধানীতে। পাশাপাশি চলছে বাসসহ বিভিন্ন যানবাহনে আগুন দেওয়ার ঘটনা। কখনো মোটরসাইকেলে এসে ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা, কখনো উড়ালসড়কের ওপর থেকে নিক্ষেপ করা হচ্ছে বিস্ফোরক। এসব ঘটনায় নগরজুড়ে তৈরি হয়েছে আতঙ্ক ও নিরাপত্তা উদ্বেগ।
রোববার রাতে রাজধানীর পল্লবী থানার ফটক এবং সিআইডির প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে শনিবার রাতে যাত্রাবাড়ী থানার সামনেও বিস্ফোরণ ঘটানো হয়। সব মিলিয়ে গত দুই দিনে রাজধানীর অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এদিকে সোমবারও রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে লাভলী পরিবহনের বাসটিতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিট দুটি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লাল-সাদা রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে। বাসটি থেকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশে।
এসব ঘটনায় পুলিশের কর্মকর্তাদের ভাষ্য, পুলিশের স্থাপনা কিংবা এর আশপাশে বিস্ফোরণের ঘটনা ঘটলে তা দ্রুত আলোচনায় আসে। হামলাকারীরা সেই প্রচার পাওয়ার উদ্দেশ্যেই পুলিশের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে বলে ধারণা তাদের।
মোটরসাইকেলে এসে হামলা, উড়ালসড়কও ব্যবহার
পুলিশের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক কয়েকটি হামলার ধরনে মিল রয়েছে। হামলাকারীরা মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন। সুবিধাজনক জায়গায় পৌঁছে ককটেল নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে সরে পড়েন। কোনো কোনো ঘটনায় উড়ালসড়কের ওপর থেকে পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের ধারণা, উড়ালসড়কে নিয়মিত পুলিশি টহল না থাকার সুযোগ কাজে লাগাচ্ছে হামলাকারীরা। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন একটি গণমাধ্যমে বলেন, ‘ফোকাস’ পেতে পুলিশের স্থাপনাগুলোতে হামলা করা হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ডিএমপির দাবি, রাজধানীতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের পেছনে নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য রয়েছে। এসব ঘটনায় জড়িত কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
দুই দিনে অন্তত ১৫ স্থানে বিস্ফোরণ
পুলিশের তথ্য অনুযায়ী, গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে পল্লবী ও যাত্রাবাড়ী থানার সামনে, সিআইডির প্রধান কার্যালয়ের সামনে এবং বনশ্রীর জে ব্লক এলাকা উল্লেখযোগ্য।
সোমবার সকালে বনশ্রীর জে ব্লক এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
একই দিন সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশ। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, আটক ব্যক্তিরা হলেন ফয়সাল ও সুকুমার হালদার। তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ২৭ বছর। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে ডিএমপির এক খুদে বার্তায় দাবি করা হয়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুজনকে ককটেল ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে।
বাসে আগুন, পরিবহনমালিকদের উদ্বেগ
ককটেল বিস্ফোরণের পাশাপাশি রাজধানীতে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। শনিবার রাত ১০টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর, মহাখালী, ফার্মগেইট ও ভাটারা এলাকায় বাসে আগুন দেওয়া হয়।
এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সমিতির একটি সূত্র জানিয়েছে, বাসসহ বিভিন্ন যানবাহনে আগুন দেওয়ার ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে চিঠি দেওয়া হয়েছে। সোমবার ডিএমপি কার্যালয়ে পরিবহনমালিক ও শ্রমিকসংগঠনের নেতাদের সঙ্গে এ বিষয়ে করণীয় নিয়ে বৈঠকও হয়েছে।
এদিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার গলফ ক্লাবের সামনে ৫ নভেম্বর পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপি। সোমবার পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, এ ঘটনায় থানা-পুলিশ চারজন, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে গ্রেপ্তার করেছে।
এ ছাড়া রূপনগর থানা এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে আশরাফুল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। তার কাছ থেকে ককটেল উদ্ধারের দাবিও করেছে পুলিশ। গতকাল দিবাগত রাতে তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে বিপ্লব নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সতর্ক পুলিশ
পুলিশের একটি সূত্রের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিদেশে পলাতক নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন। দেশে আত্মগোপনে থাকা নেতা-কর্মীরা এসব কর্মসূচিকে কেন্দ্র করে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছেন বলে পুলিশের ধারণা।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগ মঙ্গলবার দেশব্যাপী ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা করছে পুলিশ। তবে সাম্প্রতিক সব ঘটনার সঙ্গে একই গোষ্ঠী বা সংগঠনের সংশ্লিষ্টতা তদন্তে নিশ্চিত হওয়ার বিষয়।
ডিএমপির উপকমিশনার আকতার হোসেন সাংবাদিকদের বলেন, প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এসব ঘটনায় জড়িত কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধঘোষিত একটি সংগঠন এবং একটি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্য রয়েছেন বলে দাবি করেন তিনি।
একদিকে থানা ও পুলিশের গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণ, অন্যদিকে বাসে আগুন—সব মিলিয়ে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ধারাবাহিক এসব ঘটনার পেছনের উদ্দেশ্য এবং যোগসূত্র উদ্ঘাটন এখন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ।
