অতিরিক্ত প্রোফাইল ফিচার স্থায়ীভাবে বন্ধ করছে ফেসবুক
আগামী ১৪ ডিসেম্বর (২০২৬) থেকে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল ফিচারটি স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে মূল প্রতিষ্ঠান মেটা। এর ফলে একটি মূল অ্যাকাউন্টের অধীনে তৈরি করা অতিরিক্ত প্রোফাইলগুলো আর ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারকারীদের মূল বা প্রাইমারি ফেসবুক প্রোফাইল স্বাভাবিকভাবেই সচল থাকবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অ্যাডিশনাল প্রোফাইল কী?
২০২৩ সালের সেপ্টেম্বরে ফিচারটি চালু করেছিল মেটা। এর মাধ্যমে আলাদা ইমেইল বা নতুন অ্যাকাউন্ট না খুলেই একটি মূল প্রোফাইলের অধীনে সর্বোচ্চ চারটি অতিরিক্ত ব্যক্তিগত প্রোফাইল তৈরি করা যেত। ব্যক্তিগত যোগাযোগ, অফিসের নেটওয়ার্কিং কিংবা নির্দিষ্ট শখ বা কমিউনিটির সঙ্গে যুক্ত থাকার জন্য ব্যবহারকারীরা এই সুবিধা নিতেন।
তথ্য সংরক্ষণ ও গ্রুপ অ্যাডমিনদের করণীয়
মেটা জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইলগুলোতে থাকা ছবি, পোস্ট ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য ডাউনলোড বা সংরক্ষণের জন্য ব্যবহারকারীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংরক্ষণ না করলে পরবর্তীতে তা স্থায়ীভাবে মুছে ফেলা হবে। একাধিক অতিরিক্ত প্রোফাইল থাকলে প্রতিটির তথ্য আলাদাভাবে ডাউনলোড করতে হবে।
এ ছাড়া যেসব ব্যবহারকারী অতিরিক্ত প্রোফাইল দিয়ে কোনো ফেসবুক গ্রুপ পরিচালনা করেন, তাদের দ্রুত মূল প্রোফাইলে গ্রুপের অ্যাডমিন ক্ষমতা স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে। অন্যথায়, নতুন অ্যাডমিন নিয়োগ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট গ্রুপটি সাময়িকভাবে স্থগিত হয়ে যেতে পারে।
যেভাবে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করবেন:
১. প্রথমে যে অতিরিক্ত প্রোফাইলটির তথ্য সংরক্ষণ করতে চান, সেটিতে সুইচ করুন।
২. এরপর Settings & Privacy থেকে Settings অপশনে যান।
৩. Your Information and Permissions বিভাগে প্রবেশ করে Export Your Information নির্বাচন করুন।
৪. এবার Create Export-এ ক্লিক করে নির্দিষ্ট অতিরিক্ত প্রোফাইলটি বাছাই করুন এবং তথ্য কোথায় (নিজের ডিভাইসে নাকি ক্লাউড স্টোরেজে) সংরক্ষণ করবেন তা নির্ধারণ করুন।
৫. সবশেষে প্রয়োজনীয় তথ্যের ধরন নির্বাচন করে পুনরায় Create Export-এ ক্লিক করলেই তথ্য ডাউনলোডের প্রক্রিয়া শুরু হবে।
কোন অ্যাকাউন্টগুলো নিরাপদ থাকবে?
মেটার এই নতুন সিদ্ধান্তে সাধারণ ব্যবহারকারীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। নিচের অ্যাকাউন্টগুলোর কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না—
- ব্যবহারকারীর মূল (প্রাইমারি) ফেসবুক প্রোফাইল।
- মূল অ্যাকাউন্টের অধীনে পরিচালিত সব ফেসবুক পেজ।
- আলাদা ইমেইল বা ভিন্ন মেটা অ্যাকাউন্টের অধীনে খোলা স্বতন্ত্র ফেসবুক আইডি।
