এস্তোনিয়ার সহযোগিতায় ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ বাস্তবায়ন ত্বরান্বিত হবে
ডিজিটাল পাবলিক অবকাঠামো উন্নয়নেও দেশটির অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
সংগৃহীত ছবি
ডিজিটাল সেবা ব্যবস্থাকে সমন্বিত ও কার্যকর করতে ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ উদ্যোগ বাস্তবায়নে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। এ সহযোগিতায় দেশের ডিজিটাল পাবলিক অবকাঠামো গড়ে তোলার কাজও ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বুধবার (১৮ নভেম্বর) মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। এ সময় দুই দেশের মধ্যে ডিজিটাল রূপান্তর, ডিজিটাল পাবলিক অবকাঠামো, নাগরিকদের একক পরিচয় ব্যবস্থা এবং সরকারি সেবার মধ্যে তথ্য আদান-প্রদানের সমন্বয় (ইন্টারঅপারেবিলিটি) জোরদারের বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, বিপুল জনগোষ্ঠীর জন্য সমন্বিত ডিজিটাল সেবা নিশ্চিত করা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তবে সরকারের রাজনৈতিক অঙ্গীকার, প্রযুক্তিগত সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ বাস্তবায়নে সরকার অত্যন্ত আন্তরিক এবং যত দ্রুত সম্ভব উদ্যোগটি কার্যকর করতে কাজ করছে। এ ক্ষেত্রে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, এস্তোনিয়া সফরে বাংলাদেশের কর্মকর্তারা দেশটির ডিজিটাল প্রশাসন, নাগরিক পরিচয় ব্যবস্থাপনা এবং সরকারি সেবার মধ্যে তথ্যের আন্তসংযোগ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমি ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশে বাস্তবায়নাধীন প্রকল্পটি দেশের ডিজিটাল রূপান্তরের ভিত্তি শক্তিশালী করবে। এ উদ্যোগে এস্তোনিয়ার বিশেষজ্ঞ সহায়তা ও অভিজ্ঞতা অব্যাহত রাখার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান তিনি।
জবাবে এস্তোনিয়ার রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন বলেন, বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে চলমান ডিজিটাল সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ডিজিটাল গভর্ন্যান্স ও ই-গভর্ন্যান্সে এস্তোনিয়ার অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ে তাঁর দেশ আগ্রহী। চলমান প্রকল্পের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এস্তোনিয়ার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশের বাজারে কাজ করার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন।
রাষ্ট্রদূত বলেন, এস্তোনিয়ার ডিজিটাল সেবা ও আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নেও সরকারি-বেসরকারি অংশীদারত্ব কার্যকর ভূমিকা রাখতে পারে।
সাক্ষাতে আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ এবং জাতীয় আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে।
তিনি আরও বলেন, জাতীয় ডেটা গভর্ন্যান্স আইন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন ও সাইবার নিরাপত্তা আইন এ উদ্যোগ বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরি করেছে। এ ছাড়া জাতীয় ডেটা গভর্ন্যান্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এ কর্তৃপক্ষ গঠিত হলে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং তথ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের শতভাগ রাজনৈতিক অঙ্গীকার রয়েছে।
সাক্ষাতে ডিজিটাল সহযোগিতার পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়াজাত পণ্য ও জুতা শিল্পে বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, তৈরি পোশাকের বাইরে ওষুধ, জাহাজ নির্মাণ ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে রপ্তানি বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে।
এ সময় আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
