সফল কনটেন্ট নির্মাতা হওয়ার ৮ কার্যকর কৌশল
সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে সফল কনটেন্ট নির্মাতা হতে হলে শুধু নিয়মিত পোস্ট করলেই চলে না। প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা, দর্শকের আগ্রহ বোঝা, মানসম্মত কনটেন্ট তৈরি এবং প্রকাশিত কনটেন্টের ফলাফল বিশ্লেষণ করা। ডিজিটাল বিপণন বিশেষজ্ঞদের মতে, সঠিক কৌশল অনুসরণ করলে দর্শকের কাছে পৌঁছানো, সম্পৃক্ততা বাড়ানো এবং দীর্ঘমেয়াদে নিজের পরিচিতি গড়ে তোলা সহজ হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন (এএমএ) এবং অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান কোর্সেরার নির্দেশিকায় কনটেন্ট পরিকল্পনা, উপযুক্ত প্ল্যাটফর্ম নির্বাচন ও দর্শকের চাহিদা বিশ্লেষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সফল কনটেন্ট নির্মাতা হতে অনুসরণ করা যেতে পারে আটটি কৌশল।
১. নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন
কনটেন্ট তৈরির আগে ঠিক করতে হবে, আপনি কী অর্জন করতে চান। লক্ষ্য হতে পারে অনুসারী বাড়ানো, ভিডিওর দর্শকসংখ্যা বৃদ্ধি, মানুষের অংশগ্রহণ বাড়ানো কিংবা কনটেন্ট থেকে আয় করা।
লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে তা সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, বাস্তবসম্মত ও নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জনযোগ্য হওয়া জরুরি। দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে প্রতিটি কনটেন্টের উদ্দেশ্যের সামঞ্জস্য থাকলে কাজের অগ্রগতি মূল্যায়ন করা সহজ হয়।
২. দর্শকের আগ্রহ ও চাহিদা বুঝুন
আপনার কনটেন্ট কারা দেখবেন, তাঁদের আগ্রহ কী এবং কোন ধরনের বিষয় তাঁদের কাছে গুরুত্বপূর্ণ—এসব জানা অত্যন্ত জরুরি। দর্শকের বয়স, পছন্দ, অনলাইন ব্যবহারের অভ্যাস ও প্রয়োজন বিবেচনা করে কনটেন্ট তৈরি করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যানালিটিকস ব্যবহার করে কোন ভিডিও বেশি দেখা হচ্ছে, কোন পোস্টে বেশি মন্তব্য আসছে এবং কোন বিষয় দর্শকদের আগ্রহ ধরে রাখতে পারছে, তা জানা যায়। এসব তথ্য পরবর্তী কনটেন্ট পরিকল্পনায় কাজে লাগানো উচিত।
৩. উপযুক্ত প্ল্যাটফর্ম বেছে নিন
শুরুতেই সব সামাজিক যোগাযোগমাধ্যমে সমান গুরুত্ব না দিয়ে নিজের কনটেন্টের ধরন অনুযায়ী এক থেকে তিনটি প্রধান প্ল্যাটফর্মে মনোযোগ দেওয়া যেতে পারে। এতে নিয়মিত কনটেন্ট প্রকাশ এবং মান বজায় রাখা সহজ হয়।
স্বল্পদৈর্ঘ্য উল্লম্ব ভিডিওর জন্য ফেসবুক রিলস, টিকটক ও ইউটিউব শর্টস বিবেচনা করা যেতে পারে। দীর্ঘ ভিডিও, ছবি কিংবা লেখাভিত্তিক কনটেন্টের জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে। যে প্ল্যাটফর্মে আপনার লক্ষ্য দর্শক বেশি সক্রিয়, সেটিকে অগ্রাধিকার দেওয়া ভালো।
৪. ভিডিও ও গল্প বলার দক্ষতা বাড়ান
দর্শকের মনোযোগ আকর্ষণ করতে ভিডিওর শুরুতেই আকর্ষণীয় বিষয় তুলে ধরা প্রয়োজন। সহজ ভাষা, বাস্তব ঘটনা, সুন্দর উপস্থাপনা এবং গল্প বলার কৌশল কনটেন্টকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।
ভিডিওর পাশাপাশি সরাসরি সম্প্রচার, ছবির স্লাইড, জরিপ এবং কাজের নেপথ্যের দৃশ্য প্রকাশ করেও কনটেন্টে বৈচিত্র্য আনা যায়। অন্যের জনপ্রিয় কনটেন্ট হুবহু অনুকরণ না করে নিজস্ব ভাবনা ও উপস্থাপনার মাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তোলা গুরুত্বপূর্ণ।
৫. কনটেন্ট ক্যালেন্ডার তৈরি করুন
কোন দিন, কখন এবং কী বিষয়ে পোস্ট করবেন, তা আগে থেকেই পরিকল্পনা করে রাখা উচিত। এ জন্য একটি কনটেন্ট ক্যালেন্ডার তৈরি করা যেতে পারে। এতে প্রকাশের তারিখ, বিষয়, ভিডিওর ধরন এবং প্রয়োজনীয় প্রস্তুতির তালিকা রাখা যায়।
একসঙ্গে কয়েকটি কনটেন্ট তৈরি করে প্রস্তুত রাখলে নিয়মিত প্রকাশ বজায় রাখা সহজ হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ দিবস, স্থানীয় ঘটনা ও দর্শকের আগ্রহের সঙ্গে মিল রেখে কনটেন্ট পরিকল্পনা করা যায়।
৬. দর্শকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন
কনটেন্ট প্রকাশের পর কাজ শেষ হয়ে যায় না। দর্শকের মন্তব্যের উত্তর দেওয়া, তাঁদের মতামত জানতে চাওয়া এবং নিয়মিত দর্শকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা প্রয়োজন। এতে পারস্পরিক আস্থা তৈরি হয় এবং দর্শকেরা পরবর্তী কনটেন্ট দেখতেও আগ্রহী হতে পারেন।
এ ছাড়া দর্শকদের প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও তৈরি করা, তাঁদের অভিজ্ঞতা জানতে চাওয়া কিংবা অংশগ্রহণমূলক কার্যক্রম আয়োজন করা যেতে পারে। তবে যোগাযোগের ক্ষেত্রে ভদ্রতা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি।
৭. কনটেন্টের পরিসংখ্যান বিশ্লেষণ করুন
কোন কনটেন্ট ভালো করছে, তা বুঝতে শুধু লাইক বা ভিউয়ের সংখ্যা দেখলেই হবে না। ভিডিও কতক্ষণ দেখা হচ্ছে, কতজন শেয়ার করছেন, কত মন্তব্য আসছে এবং নতুন অনুসারী কত বাড়ছে—এসব তথ্যও বিশ্লেষণ করা প্রয়োজন।
কোর্সেরার সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক নির্দেশিকাতেও কনটেন্টের কার্যকারিতা বুঝতে পরিসংখ্যান বিশ্লেষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যে ধরনের কনটেন্ট ভালো ফল দিচ্ছে, তার বৈশিষ্ট্য চিহ্নিত করে পরবর্তী পরিকল্পনায় কাজে লাগাতে হবে। প্রত্যাশিত সাড়া না পেলে উপস্থাপনা, বিষয় কিংবা প্রকাশের সময় পরিবর্তন করে পরীক্ষা করা যেতে পারে।
৮. ধারাবাহিকতা ও মৌলিকত্ব বজায় রাখুন
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি তৈরি করতে সময় লাগে। তাই অল্প সময়ে প্রত্যাশিত ফল না পেলেও পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যেতে হবে। একই সঙ্গে কনটেন্টের মান, তথ্যের নির্ভুলতা এবং নিজস্ব উপস্থাপনার প্রতি গুরুত্ব দিতে হবে।
অন্যের ভিডিও বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার না করে নিজের তৈরি উপকরণকে অগ্রাধিকার দেওয়া উচিত। বিশেষ করে সংবাদভিত্তিক কনটেন্টের ক্ষেত্রে তথ্য যাচাই, নির্ভরযোগ্য সূত্র ব্যবহার এবং বিভ্রান্তিকর শিরোনাম এড়িয়ে চলা জরুরি। এতে দর্শকের আস্থা বাড়ে এবং দীর্ঘমেয়াদে একটি বিশ্বাসযোগ্য পরিচিতি গড়ে তোলা সম্ভব হয়।
