জুয়ার বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের তথ্য জানতে চায় বিটিআরসি
ডিসিদের বরাবর চিঠি
জুয়ার বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের তথ্য জানতে জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে পদক্ষেপ নেবে সংস্থাটি।
রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসির কার্যালয়ে আজ সোমবার টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানায় বিটিআরসি।
মতবিনিময় সভায় জানানো হয়, বিটিআরসির চেয়ারম্যান জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, জুয়ার জন্য যে ওয়েবসাইট ও অ্যাপগুলো ব্যবহৃত হচ্ছে, সেগুলোর ব্যাপারে যেন বিটিআরসিকে জানানো হয়। তাহলে সংশ্লিষ্ট সামাজিক মাধ্যমগুলোতে যোগাযোগ করে পদক্ষেপ নেওয়া হবে।
গত অক্টোবরে মুঠোফোনের ডেটার প্যাকেজ নিয়ে নতুন নির্দেশিকা জারি করে বিটিআরসি। এর ফলে ডেটা প্যাকেজগুলোর দাম বেড়ে যায়। এ বিষয়টি তুলে ধরা হলে বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, দাম বেড়ে গেলে অপারেটরগুলোকে যৌক্তিক পর্যায়ে নামাতে বলা হয়। যেসব প্যাকেজ বেশি ব্যবহৃত হয়, সেগুলোর দাম কমাতে বলা হয়েছিল। তারা দাম কমিয়েছে।
মতবিনিময় সভার শুরুতে বিটিআরসির চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ বলেন, বিটিআরসি দেশের ভাইব্রেন্ট (প্রাণবন্ত) একটি সংস্থা। তাদের ভুলভ্রান্তি হতে পারে, সে ক্ষেত্রে তিনি পরামর্শ আশা করেন। সাংবাদিকদের তথ্যের প্রয়োজনে বিটিআরসির সাড়া দেওয়ার বিষয়টি বিশেষভাবে দেখবেন বলে জানান তিনি।
