জাতীয় শুটিং কমপ্লেক্সে ‘ওপেন এয়ারগান টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন
বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের (বিএসএসএফ) ব্যবস্থাপনায় রাজধানীর গুলশান-১-এ অবস্থিত জাতীয় শুটিং কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ওপেন এয়ারগান টুর্নামেন্ট-২০২৬’।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
অনুষ্ঠানে সভাপতি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এবং বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের শুটিংয়ের গৌরবোজ্জ্বল সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সবচেয়ে বেশি সাফল্য বয়ে আনা খেলাগুলোর মধ্যে শুটিং অন্যতম। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শুটার খুঁজে বের করতে এ ধরনের ওপেন টুর্নামেন্ট কার্যকর ভূমিকা রাখবে। শুটিংয়ের মানোন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান অংশগ্রহণকারী শুটার, কোচ ও কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, “সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক পরিবেশে আয়োজিত এই আসরের মাধ্যমে জাতীয় ও উদীয়মান শুটাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন, যা আগামী দিনের আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতিতে সহায়ক হবে।”
আগামী ২৯ নভেম্বর পর্যন্ত চলমান এই আসরে দেশের বিভিন্ন রাইফেল ও শুটিং ক্লাবের উল্লেখযোগ্যসংখ্যক শুটার ও কর্মকর্তা অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, আমন্ত্রিত অতিথি, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
