সিঙ্গাপুরের বিপক্ষে নতুন দুই মুখ, আক্রমণাত্মক ফুটবলের ইঙ্গিত বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে নতুন দুই মুখ নিয়ে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ডিফেন্ডার আইরিন খাতুন (জুনিয়র) ও গোলরক্ষক হুমায়রা আক্তার হিমি। নতুন ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া দল নিয়ে আত্মবিশ্বাসী অন্তর্বর্তীকালীন কোচ এরিক মেয়ের। তবে প্রতিপক্ষকে কোনোভাবেই সহজ ভাবছেন না তিনি।
আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের মাঠে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। বুধবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে দল নিয়ে নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা জানান ফরাসি কোচ মেয়ের।
দায়িত্ব নেওয়ার পর প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাননি তিনি। মাত্র দুই সপ্তাহের অনুশীলনে খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে তাঁর। তাই দলের খেলার ধরন আমূল বদলে ফেলার পথে হাঁটছেন না নতুন কোচ। বরং আগের কোচ পিটার জেমস বাটলারের কৌশল ধরে রেখেই খেলোয়াড়দের গতি, টেকনিক ও বলের নিয়ন্ত্রণকে কাজে লাগাতে চান তিনি।
মেয়েরের চোখে বাংলাদেশের মেয়েদের সবচেয়ে বড় শক্তি তাদের কারিগরি দক্ষতা ও গতি। আফ্রিকায় কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আফ্রিকার মেয়েরা শারীরিকভাবে বেশি শক্তিশালী হলেও বাংলাদেশের মেয়েদের বলের কারিকুরি ও দক্ষতা শীর্ষ মানের।
তাঁর ভাষায়, বাংলাদেশের মেয়েরা যথেষ্ট দ্রুতগতির এবং বলের ওপর তাদের দারুণ নিয়ন্ত্রণ রয়েছে। দলে এমন মানসম্পন্ন খেলোয়াড় থাকলে তাদের স্বাভাবিক দক্ষতাকেই কাজে লাগাতে হবে। কৌশলগত পরিকল্পনাও সাজানো হচ্ছে সেই বিবেচনায়।
দলের দায়িত্ব নেওয়ার পর সবকিছু পাল্টে দেওয়ার চিন্তা নেই জানিয়ে মেয়ের বলেন, বিশেষ পরিস্থিতিতে তিনি দায়িত্ব পেয়েছেন। খেলোয়াড়দের বুঝতে এবং তাদের সঙ্গে কাজ করতে সময় লেগেছে। তাই আগের কোচের কাজের ধারাবাহিকতা বজায় রেখেই দলকে এগিয়ে নিতে চান।
মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্স ও সাংগঠনিক কাঠামো নিয়ে কাজ করে সন্তুষ্ট এই কোচ। তাঁর মতে, অল্প সময়ের মধ্যেই দল নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করেছে।
তবে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই সহজ হবে না বলে সতর্ক করেছেন মেয়ের। প্রতিপক্ষের দল নিয়ে তথ্য সংগ্রহ করেছেন তাঁরা। সিঙ্গাপুর দলে যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ড থেকে আসা খেলোয়াড় রয়েছেন। দলটির কোচও নতুন। সব মিলিয়ে প্রতিপক্ষকে শক্তিশালী মনে করছেন বাংলাদেশের কোচ।
তবে নিজেদের সামর্থ্য নিয়েও আশাবাদী তিনি। মেয়ের বলেন, তাঁর দলে মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। নিজেদের কৌশল অনুযায়ী প্রস্তুতি নিয়েছেন তাঁরা। ম্যাচ জিততে নিজেদের সর্বোচ্চটা দিয়ে ভালো ফুটবল খেলতে চান। অনুশীলনে মেয়েদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে সিঙ্গাপুরের বিপক্ষেও একই ধারাবাহিকতা প্রত্যাশা করেছেন তিনি।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সুখস্মৃতি অবশ্য বেশ উজ্জ্বল। ২০২৩ সালে ঢাকায় দুই দলের সর্বশেষ দুটি প্রীতি ম্যাচে ৮-০ ও ৩-০ গোলে জিতেছিল বাংলাদেশ। এবার প্রতিপক্ষের মাঠে সেই সাফল্যের পুনরাবৃত্তিই হবে মারিয়াদের সামনে বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশ দল: রুপনা চাকমা, মিলি আক্তার, হুমায়রা আক্তার হিমি, শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু, সৌরভি আক্তার আরফিন, আফঈদা খন্দকার, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, আইরিন খাতুন, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, আনিকা রানিয়া সিদ্দিকী, মৌমিতা খাতুন, সুরভী আকন্দ প্রীতি, সাগরিকা, আইরিন খাতুন (জুনিয়র), স্বপ্না রানী, আলপি আক্তার ও সিনহা জাহান শিখা।
