ইয়ামালকে ছাড়াও জিততে জানে বার্সেলোনা: ফ্লিক
সংগৃহীত ছবি
চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লামিন ইয়ামালকে ছাড়াই মাঠে নামছে বার্সেলোনা। তবে দলের এই তরুণ তারকাকে না পাওয়া নিয়ে খুব একটা চিন্তিত নন কোচ হান্সি ফ্লিক। তার বিশ্বাস, ইয়ামালকে ছাড়াও জয়ের পথ জানা আছে দলের।
বুধবার আজারবাইজানের ক্লাব সাবাহর বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। পারিবারিক সমস্যার কারণে দলের সঙ্গে বাকুতে যাননি ১৯ বছর বয়সী ইয়ামাল। আগামী রোববার লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচে তার ফেরার সম্ভাবনা রয়েছে।
চলতি মৌসুমে এই প্রথম ইয়ামালকে ছাড়া কোনো ম্যাচ খেলতে যাচ্ছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে দলের হয়ে এখন পর্যন্ত ১৭ ম্যাচের প্রতিটিতেই শুরুর একাদশে ছিলেন তিনি। করেছেন ১৩ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩ গোল।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ইয়ামালকে ছাড়াও খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। পরিস্থিতি বিবেচনা করেই তাকে এই ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্সেলোনা কোচ বলেন, ‘আমরা আগেও লামিনকে ছাড়া খেলেছি। তাই আমাদের জানা আছে কী করতে হবে। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে সোমবার পরিস্থিতি যাচাই করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তার বাড়িতে থাকাই ভালো। আশা করি, সবকিছু ঠিকঠাক থাকবে এবং সপ্তাহান্তের ম্যাচে সে খেলতে পারবে।’
এর আগে একই সংবাদ সম্মেলনে ইয়ামালের অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি বলে উল্লেখ করেন মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং। তিনি বলেন, ‘লামিনের মতো খেলোয়াড়কে দল সবসময়ই মিস করবে। সে অসাধারণ প্রতিভাবান। প্রতিপক্ষের জন্য বিপদ তৈরি করতে পারে এবং নিজেই গোলের সুযোগ সৃষ্টি করতে পারে। তবে আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে। তাকে ছাড়াও আমরা জিততে পারি।’
