কেড়ে নেওয়া আফ্রিকা কাপের শিরোপা ফিরে পেল সেনেগাল
কেড়ে নেওয়া ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্সের শিরোপা ফিরে পেয়েছে সেনেগাল। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের (সিএএস) রায়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হিসেবে সেনেগালের স্বীকৃতি পুনর্বহাল করা হয়েছে। একই সঙ্গে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) আগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ফলে ফাইনালে সেনেগালের ১-০ গোলের জয়ই বহাল থাকল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক ক্রীড়া আদালতের এই রায় সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে জানানো হয়।
গত ১৮ জানুয়ারি মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে গোল করে জয় নিশ্চিত করেছিল সেনেগাল। তবে ম্যাচে পেনাল্টির সিদ্ধান্ত ঘিরে তীব্র প্রতিবাদে মাঠ ছেড়ে চলে যান সেনেগালের খেলোয়াড়েরা। কোচ পাপ চাওয়ের নির্দেশে দল মাঠ ছাড়লে প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকে।
এরপর ম্যাচ পুনরায় শুরু হলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সেনেগাল। কিন্তু ফাইনালের দুই মাস পর সিএএফের আপিল কমিটি সেনেগালের শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করে সেনেগাল।
সিএএসের রায়ে বলা হয়েছে, ম্যাচ পুনরায় শুরু করার বিষয়ে রেফারির সিদ্ধান্ত ছিল তাঁর একক এখতিয়ারভুক্ত। এটি খেলার মাঠের সিদ্ধান্তের আওতাভুক্ত। আদালতের প্যানেল মনে করেছে, এ ক্ষেত্রে রেফারি আইনগত কোনো ভুল করেননি।
সিএএসের মহাসচিব মাথিউ রিব বলেন, তাঁদের প্যানেল পর্যালোচনা করে দেখেছে, রেফারি আইনগতভাবে কোনো ভুল করেননি।
আদালত আরও জানিয়েছে, টুর্নামেন্টের ৮২ ও ৮৪ নম্বর ধারার ভিত্তিতে মরক্কোর করা দাবিগুলো প্রযোজ্য হওয়ার শর্ত পূরণ হয়নি। কারণ, ওই ধারাগুলো কার্যকর হয় যখন রেফারি স্থায়ীভাবে ম্যাচ বাতিল ঘোষণা করেন। কিন্তু এ ম্যাচে রেফারি খেলা পুনরায় শুরু করেছিলেন।
অন্যদিকে মরক্কোর ফুটবল ফেডারেশন দাবি করেছিল, সেনেগালের খেলোয়াড়দের মাঠ ছেড়ে যাওয়ার ঘটনা টুর্নামেন্টের নিয়ম লঙ্ঘন করেছে এবং রেফারির সিদ্ধান্তকে শুধু খেলার মাঠের সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা যায় না।
তবে আদালতের প্যানেল বলেছে, অত্যন্ত উত্তেজনাকর পরিস্থিতিতে রেফারি সিদ্ধান্ত নিলেও সেটিকে স্বেচ্ছাচারী বলা যায় না।
রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেনেগাল ফুটবল ফেডারেশন লিখেছে, ‘আবারও এবং সবসময় আফ্রিকান চ্যাম্পিয়ন।’
অন্যদিকে আদালতের এই রায়ে বিস্ময় প্রকাশ করেছে মরক্কোর ফুটবল ফেডারেশন। সিদ্ধান্তটির বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে তারা।
সিএএস জানিয়েছে, পূর্ণাঙ্গ রায় সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পাঠানো হয়েছে। গোপনীয়তা রক্ষার কোনো অনুরোধ না থাকলে যথাসময়ে রায়টি জনসমক্ষে প্রকাশ করা হবে।
আন্তর্জাতিক ক্রীড়া আদালতের এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্সের চ্যাম্পিয়ন হিসেবে সেনেগালের শিরোপা পুনর্বহাল হলো।
