এবারের চমক ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল’
আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স হিসেবে ‘আনভীর বসুন্ধরা স্পোর্টস (এবিজি) সিটি’ দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। দক্ষিণ এশিয়ায় এমন আধুনিক ক্রীড়া শহর গড়ে তুলে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। পুরো কাজ এখনো শেষ না হলেও এরই মধ্যে যা নির্মিত হয়েছে, তা দেখেই মুগ্ধ ফিফা ও আইসিসির প্রতিনিধিরা।
ক্রীড়ানুরাগী পরিবার হিসেবে সোবহান পরিবারের পরিচিতি দীর্ঘদিনের। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান নিজে ছিলেন দেশের তারকা হকি খেলোয়াড়। তাঁর বাবা আবদুস সোবহান ছিলেন অল ইন্ডিয়া সাঁতার চ্যাম্পিয়ন এবং বড় ভাই আবদুস সাদেক হকি ও ফুটবল—দুই অঙ্গনেই দেশের কিংবদন্তি। পারিবারিক সেই ঐতিহ্য ও ক্রীড়াপ্রেমের ধারাবাহিকতা বজায় রেখেছেন এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। সাংগঠনিক দক্ষতা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে তিনি দেশ-বিদেশের ক্রীড়াঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন।
দেশে আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামোর যে দীর্ঘদিনের অভাব ছিল, বিশাল জমির ওপর এবিজি স্পোর্টস সিটি গড়ে তুলে আহমেদ আকবর সোবহান তা পূরণ করেছেন। বাণিজ্যিক লাভের চিন্তা না করে দেশের ক্রীড়া উন্নয়নের স্বার্থেই এই মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বাবার সেই স্বপ্নকে এগিয়ে নিতে এবং দেশের মৌসুমভিত্তিক খেলাধুলার চিরাচরিত ধারা বদলে সারা বছর মাঠ সরব রাখতে নানা পরিকল্পনা হাতে নিয়েছেন সায়েম সোবহান আনভীর।
এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান জানান, বসুন্ধরার প্রতিটি ভাবনায় রয়েছে দেশের ক্রীড়া উন্নয়ন। এখানকার ‘কিংস অ্যারিনা’ ইতোমধ্যে ফিফাস্বীকৃত আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পেয়েছে এবং ‘আনভীর ক্রিকেট স্টেডিয়াম’ জায়গা করে নিয়েছে আইসিসির আন্তর্জাতিক ভেন্যুর তালিকায়। আন্তর্জাতিক ভেন্যু হওয়া সত্ত্বেও সায়েম সোবহান আনভীরের উদ্যোগে এখানে সম্প্রতি ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’ আয়োজিত হয়েছে, যা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
ইমরুল হাসান আরও বলেন, “স্পোর্টস সিটিকে সবসময় খেলাধুলায় ব্যস্ত রাখতে চেয়ারম্যান মহোদয় একের পর এক উদ্যোগ নিচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার মাঠে গড়াতে যাচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল’। আগেও বিভিন্ন প্রতিষ্ঠান মিডিয়া কাপ আয়োজন করেছে, তবে এবিজির আয়োজনে বরাবরের মতোই থাকবে বিশেষ চমক ও নতুনত্ব। ইউনিভার্সিটি কাপের অভাবনীয় সাফল্যের পর আমাদের বিশ্বাস, আসন্ন মিডিয়া কাপও সবার কাছে দারুণ উপভোগ্য হবে।”
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
