মিরাজকে বাদ দিয়ে চার পেসার, টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে চার পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে একাদশে জায়গা হয়নি সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজের। চোটের কারণে খেলতে পারছেন না মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ। টস হেরে ম্যাচে আগে ব্যাটিং করতে হচ্ছে নাজমুল হোসেন শান্তর দলকে।
সোমবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম।
সেঞ্চুরিয়নের উইকেট এমনিতেই পেসারদের সহায়তা করে বেশি। এর ওপর সকাল থেকে বৃষ্টিও হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন মার্করাম। বাংলাদেশ অধিনায়ক শান্ত জানান, টস জিতলে তাঁরাও আগে ফিল্ডিং করতে চাইতেন।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে তিনটি পরিবর্তন। চোটের কারণে মুশফিকুর রহিম ও হাসান মাহমুদকে পাওয়া যাচ্ছে না। তাঁদের সঙ্গে একাদশ থেকে বাদ পড়েছেন সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
তিনজনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জাকের আলী, খালেদ আহমেদ ও শরীফুল ইসলাম। ফলে বিশেষজ্ঞ কোনো স্পিনার ছাড়াই চার পেসার নিয়ে খেলতে নামছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।
সেঞ্চুরিয়নের পেসসহায়ক উইকেটে চার পেসার নিয়ে বাংলাদেশের এই কৌশল কতটা কাজে আসে, এখন সেটিই দেখার অপেক্ষা।
