সাফ চ্যাম্পিয়নশিপ :
পাকিস্তান বাধা টপকাতে পারলো না বাংলাদেশ
সংগৃহীত ছবি
সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে পাকিস্তান। সেখানে তাদের প্রতিপক্ষ ভারত। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচের প্রথমার্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণের রোমাঞ্চ ছড়িয়েছিল দুই দলই। তবে আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতা এবং দুর্ভাগ্যের কারণে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। গোলশূন্য সমতায় বিরতিতে যায় বাংলাদেশ ও পাকিস্তান।
ম্যাচ শুরুর পর থেকেই গ্যালারিজুড়ে হাজার হাজার দর্শকের ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে মুখর হয়ে ওঠে জাতীয় স্টেডিয়াম। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেললেও আজ পাকিস্তানের বিপক্ষে সমানে সমান লড়েছে স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকেই দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে।
খেলার বয়স যখন মাত্র দুই মিনিট, তখনই ভুল করে বসেন ডিফেন্ডার শমিত। সেই সুযোগে পাকিস্তানের ফরোয়ার্ড আল উজাইর শট নিলেও দারুণ দক্ষতায় তা লুফে নেন বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। এর মাত্র পাঁচ মিনিট পর বাংলাদেশের পক্ষে আক্রমণ শানান কাজেম শাহ। তবে পাকিস্তানী গোলরক্ষক ইউসুফ বাট প্রতিহত করেন সেই শট।
ম্যাচের ২৩ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। আগের ম্যাচে দুর্দান্ত গোল করা ফারহান আলী ওয়াহিদ কর্নার নেন। সেই বল শামিত হয়ে চলে যায় রাকিব হোসেনের পায়ে। রাকিবের নেওয়া জোরালো শট গোলপোস্টে লেগে ফিরে এলে হতাশা নামে গ্যালারিতে। এর দুই মিনিট পর বাংলাদেশের রক্ষণভাগে ভুল করেন ডিফেন্ডার রহমত মিয়া। পাকিস্তানী ফরোয়ার্ড উজাইরের নেওয়া শট আবারও রুখে দেন গোলরক্ষক শ্রাবণ।
খেলার ৩২ মিনিটে দুর্ভাগ্যের শিকার হয় পাকিস্তানও। ডিফেন্ডার তারিক কাজী ঠিকমতো মার্কিং করতে না পারায় সুযোগ পেয়ে যান পাকিস্তানী ফরোয়ার্ড আব্দুল সামাদ শেহজাদ। তার শটও গোলপোস্টে লেগে ফেরত এলে বেঁচে যায় বাংলাদেশ। প্রথমার্ধের শেষ মুহূর্তে একচল্লিশ মিনিটে সুকির বাম পায়ের শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে গোলের খাতা খোলা হয়নি।
