বিপিএলে নতুন ৪ ফ্র্যাঞ্চাইজির আগ্রহ
সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ দাগ কেটেছে দর্শকদের মনে। আগের আসরগুলোর চাইতে এবারের আসরে প্রযুক্তির ছোঁয়াও ছিল ব্যাপক। তুলনামূলক দর্শকদের কাছ থেকে বেশ সাড়াও পাওয়া গেছে। এমন সাফল্যের পর জানা গেল বিপিএলে দল কিনতে আগ্রহী আরো চার ফ্র্যাঞ্চাইজি।
বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক গণমাধ্যমকে বলেন, ‘বিপিএলে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে আরও চার দল আবেদন করেছে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে নতুন করে দল বাড়ানোর সম্ভাবনা খুবই কম। বর্তমান সাত ফ্র্যাঞ্চাইজির কেউ সরে দাঁড়ালে সেক্ষেত্রে ওই চার দলের কারও সুযোগ মিলতে পারে।’
তবে তিনি দল বাড়ানো আরো কঠিন জানিয়ে বলেন, ‘দল বাড়ানোটা খুব কঠিন। আমাদের কাছে ইতোমধ্যে রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, গাজীপুর আবেদন করে রেখেছে। বর্তমানের কোনো দল যদি না থাকে তাহলে তাদের পরিবর্তে আমরা ওই দলগুলোর কাউকে আনতে পারি। আগামী বিপিএলেই যে আমরা আরেকটা দল বাড়াব, সেটা চ্যালেঞ্জিং।’
তবে তার কাছে বিপিএলের সময় বের করাটা চ্যালেঞ্জিংই মনে হচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, বিপিএলের সূচি নিয়ে চ্যালেঞ্জের কথাও জানিয়েছেন তিনি, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময় বের করা। জাতীয় দলের খেলার পর যে সময়টা বাকি থাকে সেই সময়টুকুর মধ্যেই আমাদের বিপিএল আয়োজন করতে হয়। একটা দল বাড়ানো মানে প্রায় দশটা দিন আরও অতিরিক্ত লাগে।’
এর আগে বিপিএলে নতুন দল নিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত। এখন দেখার পালা ৭ দলের বিপিএলে নতুন কতগুলো দল যুক্ত হয়।
