হামজাকে বাংলাদেশের সর্বকালের সেরা ফুটবলার বললেন জামাল
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জামাল ভূঁইয়ার মতে, বাংলাদেশের ফুটবলে সম্ভাব্য সর্বকালের সেরা খেলোয়াড় হামজা চৌধুরী। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্বের বিষয়েও হামজার প্রশংসায় পঞ্চমুখ অভিজ্ঞ এই মিডফিল্ডার।
সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের অধিনায়কের দায়িত্বে ছিলেন হামজা। বিশেষ এ দিনটি গোল করে আরও স্মরণীয় করে রেখেছেন তিনি। তার পারফরম্যান্সে ভর করেই শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
হামজার অধিনায়কত্ব নিয়ে জামাল বলেন, ‘হামজা এটা ডিজার্ভ করে। ও ভালো খেলেছে। আর হামজা সম্ভবত বাংলাদেশের সর্বকালের সেরা ফুটবলার। অবশ্যই সে সবচেয়ে বড় তারকা, দলের সেরা খেলোয়াড়। হামজার জন্য আমি খুব খুশি।’
জামাল বলেন, ‘ম্যাচ ভালো ছিল। আমরা চার গোল করেছি, এটা ভালো ব্যাপার। আবার ক্লিন শিটও রেখেছি। সব মিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি। এখন আমাদের মনোযোগ পাকিস্তান ম্যাচে। কারণ আমার মনে হয়, পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল।’
এদিকে বিকল্প খেলোয়াড়দের তৈরি রাখার ওপর জোর দিয়েছেন জামাল। তার ভাষায়, ‘পুরো স্কোয়াড দরকার। কারণ একটা ম্যাচের দুই দিন পরই আবার খেলতে হচ্ছে। সাদ উদ্দিন চোট পেয়েছে। অবশ্যই সেখানে বিকল্প লাগবে। আপনারা দেখেছেন, হৃদয় সেন্টার ব্যাক হিসেবে খেলেছে। তাই পুরো স্কোয়াডের সবাইকে দরকার।’
