দক্ষিণ আফ্রিকার মাটিতে শান্তদের ব্যাটিং সামলাবেন বেঙ্কেনস্টেইন
সংগৃহীত ছবি
কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেনদের গতির ঝড় সামলানো দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় অভিজ্ঞতাকে কাজে লাগাতে কোচিং প্যানেলে নতুন মুখ যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকা সফরে নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের ব্যাটিং নিয়ে কাজ করবেন দেশটির সাবেক অলরাউন্ডার ডেল বেঙ্কেনস্টেইন।
সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দক্ষিণ আফ্রিকার এই সাবেক ক্রিকেটারকে আসন্ন সফরের কোচিং স্টাফে যুক্ত করার ঘোষণা দেয় বিসিবি। দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির পুরো সফরেই বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন ৫২ বছর বয়সী এই কোচ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শুরুর আগে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় মোহাম্মদ আশরাফুলকে। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেন মোহাম্মদ সালাউদ্দিন। পূর্ণ মেয়াদে নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত সালাউদ্দিনকেই এই দায়িত্বে রাখার কথা জানিয়েছিল বিসিবি। তবে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য আলাদাভাবে ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দেওয়া হলো বেঙ্কেনস্টেইনকে।
বাংলাদেশের সঙ্গে এই দক্ষিণ আফ্রিকানের সম্পর্ক অবশ্য নতুন নয়। ১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত আইসিসি নকআউট ট্রফিতে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। মজার বিষয়, ২০০২ সালে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেই ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলেন তিনি।
১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩টি ওয়ানডে খেলেছেন বেঙ্কেনস্টেইন। আন্তর্জাতিক ক্রিকেটে তার বিচরণ দীর্ঘ না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। ২৬৪টি প্রথম শ্রেণির ম্যাচে প্রায় ১৬ হাজার রান করেছেন তিনি। ২০১১ সালে কাউন্টি দল ডারহামের ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার কৃতিত্বও রয়েছে তার।
খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বেঙ্কেনস্টেইন। বর্তমানে ডারহাম কাউন্টির ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি। এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন। দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।
দক্ষিণ আফ্রিকার কন্ডিশন, বিশেষ করে পেস ও বাউন্স সামলানোর কৌশল সম্পর্কে বেঙ্কেনস্টেইনের অভিজ্ঞতা বাংলাদেশের ব্যাটসম্যানদের কাজে আসবে বলে প্রত্যাশা করছে বিসিবি। রাবাদা-ইয়ানসেনদের মতো বিশ্বমানের পেসারদের বিপক্ষে লড়াইয়ে তার পরামর্শ কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।
জোহানেসবার্গে আগামী রোববার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। সেঞ্চুরিয়নে ২৩ নভেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
এরপর ইস্ট লন্ডন, গেবেখা ও কেপটাউনে যথাক্রমে ১, ৪ ও ৭ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। সবশেষে কিম্বারলি, বেনোনি ও সেঞ্চুরিয়নে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
