সাত হাজারের ক্লাবে মুশফিক
সংগৃহীত ছবি
বাংলাদেশের হয়ে নতুন ইতিহাস গড়লেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের পঞ্চম দিনে এই অনন্য কীর্তি গড়েন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
সোমবার জোমেল ওয়ারিক্যানের বলে এক রান নিয়ে সাত হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মুশফিক। ১০৭ টেস্টের ১৯৭ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় স্বাগতিকদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৪৯ রান।
দুই উইকেটই তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিক্যান। তবে বিরতির পর মুশফিক ও তাওহিদ হৃদয় দলের হাল ধরার চেষ্টা করেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ২২ ওভারে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭৮ রান। ৪৫ বলে তিন চারে ২৬ রানে অপরাজিত রয়েছেন তাওহিদ হৃদয়। অন্য প্রান্তে ১৬ বলে এক চারে ৯ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম।
এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান করলে বাংলাদেশ ৩৮৬ রান তুলে ৩০ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। তাতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান। ব্যাট হাতে মুশফিকের এই ঐতিহাসিক অর্জনের দিনে কঠিন পরীক্ষার মুখে বাংলাদেশ।
