দুই পেসার নিয়ে একাদশে তাসকিনের সঙ্গে একমত নন কোচ সিমন্স
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টের তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ দল। তবে প্রথম দিন শেষে টাইগার পেসার তাসকিন আহমেদ সংবাদ সম্মেলনে বলেছিলেন, একাদশে আরেকজন পেসার থাকলে ভালো হতো। কিন্তু প্রধান কোচ ফিল সিমন্স তার সঙ্গে একমত হতে পারলেন না।
সিমন্স বলছিলেন, 'কেন (২ পেসার নিয়ে) একাদশ? কারণ আমাদের মনে হয়েছে এটাই আমাদের জন্য বেটার অপশন। আমার মনে হয় স্পিনাররা আরও ভালো বল করতে পারে। তারা তাদের কোয়ালিটি ঢাকাতেও দেখিয়েছে এবং এখানেও প্রথম ইনিংসে দেখিয়েছে। আশা করি কালকেও তারা তাদের সামর্থ্য দেখাবে। শেষবার যখন পাকিস্তানের সাথে এখানে খেলি, তখনও স্পিনাররা ভালো করেছে। ৩ স্পিনারের কোয়ালিটিটা দ্বিতীয় ইনিংসে ভালোভাবেই দেখা যাবে বলে আমার বিশ্বাস।'
আজ দুর্দান্ত ব্যাটিং করেছেন তাওহিদ হৃদয়। ডাবল সেঞ্চুরি করা এই ব্যাটারকে নিয়ে সিমন্স বলেন, 'আমি ব্যাটারদের কোনো বার্তা দেই না। তারা নিজেরাই ঠিক করে তারা কীভাবে ব্যাট করবে, তাদের প্রতিভা দিয়ে। আমরা কেবল তাদের বলে দেই যে তারা যখন মাঠে আছে, সেখানে তারাই দায়িত্বে আছে, ফলে তখন তাদেরই মাথা খাটিয়ে ব্যাট করতে হবে। আমরা এগুলোই তাদেরকে বুঝাতে চেষ্টা করি। আমি ড্রেসিংরুমে থাকি, আমি তো বার্তা দিতে পারি না। হৃদয় বাদেও যে ২ জন ব্যাট করেছে, মুশফিক, তাইজুল এবং বাকিরা (সবাই মিলেই ঠিক করেছে কীভাবে খেলবে)।'
'এখানে পরিস্থিতি এরকম ছিল যে, আপনাকে ব্যাট করার সামর্থ্যটা দেখিয়ে দিতে হবে। আগের বার এখানে লিটন একই কাজটা করেছিল। সেঞ্চুরি করেছিল সে। আমরা বিশ্বাস করে গেছি যে পরের ব্যাটারই চাইলে দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারবে।'—যোগ করেন তিনি।
