শুরুর ধস কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮৬/৩
ছবি: সংগৃহীত
সিলেট টেস্টের প্রথম দিন শুরুতেই দাপট দেখিয়েছে বাংলাদেশের বোলাররা। পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ঘণ্টার মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রাথমিক ধাক্কা সামলে আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহ্যামের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ক্যারিবীয়রা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে শুরুতেই তাসকিনের শিকার হন ব্র্যান্ডন কিং। পঞ্চম ওভারের প্রথম বলে দারুণ এক ডেলিভারিতে তাকে বোল্ড করেন এই পেসার। ১৮ বলে ৯ রান করেন কিং।
এরপর হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে সাজঘরে ফেরেন কাভেম হজ। ষষ্ঠ ওভারে স্টাম্পের ওপর আঘাত হেনে তাকে বোল্ড করেন হাসান। ১০ বলে ১ রান করে ফেরেন হজ।
তৃতীয় উইকেটের পতনও ঘটান তাসকিন। নবম ওভারে তার দুর্দান্ত ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন জশুয়া দা সিলভা। ১৭ বলে ১২ রান করেন তিনি। এর আগে শূন্য রানে তার সহজ ক্যাচ ছেড়েছিলেন সাদমান ইসলাম।
প্রথম ঘণ্টায় ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪১ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহ্যাম মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দুজনের ব্যাটে ধীরে ধীরে এগোতে থাকে ক্যারিবীয়দের ইনিংস।
তবে বাংলাদেশের বোলারদের আক্রমণ অব্যাহত ছিল। তাসকিনের একাধিক নো বলও আলোচনায় আসে। টেস্ট ক্যারিয়ারে ২২ ম্যাচে তার নো বলের সংখ্যা দাঁড়িয়েছে ৫১টি।
এদিকে হাসান মাহমুদের বলে আমির জাঙ্গু ও কেভিন উইকহ্যাম অল্পের জন্য ক্যাচ থেকে বেঁচে যান। ফলে উইকেট পাওয়ার আরও কয়েকটি সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের।
প্রথম সেশনে ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮৬ রান। ক্রিজে রয়েছেন আমির জাঙ্গু ও কেভিন উইকহ্যাম।
বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। মাথায় আঘাত পেয়ে ছিটকে যাওয়া মুমিনুল হকের জায়গায় ফিরেছেন মুশফিকুর রহিম। আর শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হয়েছে কেভিন উইকহ্যামের। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে হারের পর সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
