তাসকিন-হাসানের বোলিং তোপে দিশেহারা ক্যারিবীয়রা
সংগৃহীত ছবি
সিলেট টেস্টে বল হাতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে শুরুতেই তিন উইকেট তুলে নিয়ে সফরকারীদের চাপে ফেলেছেন বাংলাদেশের পেসাররা। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের বোলিংয়ে বিপাকে পড়েছে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ।
বৃহস্পতিবার সিলেট ওসমানী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের লড়াই চলছে। দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে ব্র্যান্ডন কিংকে বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি তাসকিন। দুর্দান্ত এক ডেলিভারিতে তাকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভেঙে দেন এই পেসার।
এরপর ষষ্ঠ ওভারে বাংলাদেশের হয়ে আঘাত হানেন হাসান মাহমুদ। তার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন কাভেম হজ। তার ব্যাট থেকে আসে মাত্র ১ রান।
ক্যারিবীয়দের বিপদ আরও বাড়ান তাসকিন। নিজের দ্বিতীয় শিকার হিসেবে জশুয়া ডি সিলভাকে ফিরিয়ে দেন তিনি। এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নিতে হয় এই ব্যাটসম্যানকে।
প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেটে ৫৭ রান। শুরুতেই গুরুত্বপূর্ণ তিনটি উইকেট হারিয়ে চাপে রয়েছে সফরকারীরা।
