আইসিসির ছাড়পত্র পেয়ে জিম্বাবুয়ের টেস্ট দলে নাকভি
অবশেষে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষা ফুরাচ্ছে আন্তুম নাকভির। আইসিসির ছাড়পত্র পাওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া এই অলরাউন্ডার।
সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নাকভির অভিষেক হতে পারে। ৫ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ ১৩ নভেম্বর।
দীর্ঘদিন ধরেই জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে আলো ছড়াচ্ছেন নাকভি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যাটিং গড় ৬০ এর বেশি। ২০২৪ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন তিনি। মিড ওয়েস্ট রাইনোসের হয়ে ২৯৫ বলে অপরাজিত ৩০০ রান করেন নাকভি।
বেলজিয়ামের ব্রাসেলসে জন্ম নাকভির। চার বছর বয়সে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যান তিনি। পেশাদার ক্রিকেটে মনোযোগ দেওয়ার আগে অস্ট্রেলিয়ায় বিমান চালানোর প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিক পাইলটের লাইসেন্সও অর্জন করেছিলেন।
২০২৫ সালে জিম্বাবুয়ের হয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার ডাক পেলেও অভিষেক হয়নি তার। কারণ বেলজিয়ামে জন্ম নেওয়া এই ক্রিকেটার জিম্বাবুয়ের হয়ে খেলতে আইসিসির ছাড়পত্র প্রয়োজন ছিল। এবার সেই জটিলতা কাটিয়ে রোডেশিয়ানদের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।
