গ্যাব্রিয়েলকে দলে পেতে এগিয়ে রিয়াল
ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েলকে দলে ভেড়ানোর দৌড়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। ১৬ বছর বয়সী এই ফুটবলারকে পেতে বার্সেলোনা ও পিএসজির মতো ক্লাবও আগ্রহী, তবে হোসে মরিনিওর রিয়ালই এখন সবচেয়ে এগিয়ে বলে জানা গেছে।
গ্যাব্রিয়েল এখনো ম্যানচেস্টার ইউনাইটেডের নিবন্ধিত খেলোয়াড়। তবে গত সেপ্টেম্বরে ক্লাব ছেড়ে যাওয়ার পর আর সেখানে ফেরেননি তিনি। প্রাক্-মৌসুম সফরে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলেছিলেন। সেপ্টেম্বরে ব্রাইটনের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচে তার ইউনাইটেডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হওয়ার সম্ভাবনাও ছিল।
তবে সিনিয়র পর্যায়ে খেলার সুযোগ পেতে অন্য ক্লাব খুঁজছেন গ্যাব্রিয়েল। বর্তমানে স্পেনে একাই অনুশীলন করছেন তিনি। তার ক্লাব ছাড়ার সম্ভাবনায় ইউরোপের বেশ কয়েকটি দল আগ্রহী হয়ে উঠেছে।
ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্ট পাওয়ায় ইংল্যান্ডের বাইরে কোনো ক্লাবে যোগ দেওয়া তার জন্য সহজ হতে পারে। গ্যাব্রিয়েল চলে গেলে ইউনাইটেড ক্ষতিপূরণ পাবে। তবে প্রিমিয়ার লিগের বাইরের ক্লাবে যোগ দিলে সেই অর্থের পরিমাণ কম হবে।
ইউরোপীয় যুব লিগে অভিষেকেই হ্যাটট্রিক করেছিলেন গ্যাব্রিয়েল। গত মৌসুমে মাত্র ১৪ বছর বয়সেই প্রিমিয়ার লিগের অনূর্ধ্ব-১৮ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। ইউনাইটেডের সাবেক অন্তর্বর্তীকালীন কোচ ড্যারেন ফ্লেচারও বলেছিলেন, ‘তার সামনে পুরো পৃথিবী পড়ে আছে।’
ব্রাইটনের কাছে কারাবাও কাপে হারের পর ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক তরুণ খেলোয়াড়দের দেখভালের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘এই পরিস্থিতি নিয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। সে একজন তরুণ, আমার কাছে সে ১৫ বছর বয়সী। ক্লাব হিসেবে আমাদের তরুণ খেলোয়াড়দের সুস্থতা, কল্যাণ ও তাদের ওপর কতটা নজর পড়ছে—এসব বিষয়ে সচেতন থাকতে হবে।’
