আইসিসির নিষেধাজ্ঞায় আইরিশ ব্যাটার
নিষিদ্ধ পদার্থ সেবনের দায় স্বীকার করেছেন আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের ব্যাটার রেবেকা স্টোকেল। তার নমুনায় নির্দিষ্ট একটি নিষিদ্ধ পদার্থের উপস্থিতি পাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি-ডোপিং বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়। পরে দায় স্বীকার করে স্বেচ্ছায় সাময়িক নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন তিনি।
আজ সোমবার (২ নভেম্বর) এক বিবৃতিতে আইসিসি জানায়, ২০২৬ সালের ২৩ জুন প্রতিযোগিতার মধ্যে নেওয়া পরীক্ষায় স্টোকেলের নমুনায় নিষিদ্ধ পদার্থের উপস্থিতি পাওয়া যায়। এরপর তাকে অ্যান্টি-ডোপিং বিধি ভঙ্গের অভিযোগের বিষয়ে অবহিত করা হয়।
বিষয়টি জানার পর স্টোকেল অভিযোগ স্বীকার করেন। তবে আইসিসিকে তিনি জানান, প্রেসক্রিপশনের মাধ্যমে পাওয়া ওষুধ সেবনের কারণে এই ঘটনা ঘটেছে। শাস্তিমূলক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ২৩ অক্টোবর থেকে স্বেচ্ছায় সাময়িক নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন এই ক্রিকেটার।
২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্টোকেলের। এখন পর্যন্ত আয়ারল্যান্ডের হয়ে ১০৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
শাস্তিমূলক প্রক্রিয়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে আইসিসি।
