রিকেলটনকে প্রশ্ন ‘আপনার মা কি অবিবাহিত?’
সংগৃহীত ছবি
ক্রিকেট মাঠে প্রিয় খেলোয়াড়দের উদ্দেশে ভক্তদের নানা রকম বার্তা দেখা যায়। তবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্টে এক দর্শকের ব্যতিক্রমী প্ল্যাকার্ড ঘিরে তৈরি হয়েছে হাস্যরস। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার রায়ান রিকেলটনকে উদ্দেশ করে ওই দর্শক লিখেছিলেন, ‘আপনার মা কি অবিবাহিত?’
ঘটনাটি ঘটে কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে। অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালে জেরাল্ড কোয়েটজির ওভারে ব্যাট করছিলেন কুপার কনলি ও মিচেল স্টার্ক। এ সময় টেলিভিশন সম্প্রচারের ক্যামেরায় ধরা পড়ে দর্শকসারিতে থাকা এক ব্যক্তির হাতে প্ল্যাকার্ডটি।
প্রথমে বিষয়টি বুঝতে পারেননি রিকেলটন। পরে সতীর্থরা তাকে মাঠের বড় পর্দার দিকে তাকাতে বললে নিজের উদ্দেশে লেখা বার্তাটি দেখতে পান তিনি। এ সময় প্ল্যাকার্ডধারী দর্শককে উড়ন্ত চুমু ছুড়তেও দেখা যায়।
দর্শকের এমন কাণ্ডে মাথা নাড়লেও মুখে চাপা হাসি ধরে রাখতে পারেননি রিকেলটন। মুহূর্তেই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয় নানা রকম আলোচনা ও হাস্যরস।
এদিকে মাঠের পারফরম্যান্সেও আলোচনায় ছিলেন ৩০ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৩ বলে ৪২ রান করেন তিনি। তার দল প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩২৯ রান।
এর আগে ডারবানে সিরিজের প্রথম টেস্টে ওপেনিংয়ে নেমে দুই ইনিংসে শূন্য ও ২ রান করেছিলেন রিকেলটন। পরে তাকে ব্যাটিং অর্ডারের নিচের দিকে পাঠানো হয়। গকেবেরহার দ্বিতীয় টেস্টে এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে করেন ৩১ রান। ওই ম্যাচে ইনিংস ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা।
মজার এই ঘটনার আগে অস্ট্রেলীয় ব্যাটারদের বিপক্ষে স্টাম্পের কাছাকাছি দাঁড়িয়ে উইকেটকিপিং করার কৌশল নিয়েও কথা বলেছিলেন রিকেলটন। তার মতে, উইকেটকিপার স্টাম্পের কাছে দাঁড়ালে ব্যাটারের মানসিকতায় পরিবর্তন আসে।
