৬৯ বছরের ইতিহাসে প্রথম, ব্যালন ডি’অরে অনন্য রেকর্ড গড়লেন এমবাপ্পে
সংগৃহীত
ব্যালন ডি’অরের মঞ্চে এবার হতাশ হতে হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। একের পর এক গোল্ডেন বুট জিতে বিশ্বের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে অন্যতম ফেভারিট ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকাকে।
শিরোপা জিততে না পারলেও এবারের ব্যালন ডি’অরে অনন্য এক রেকর্ড গড়েছেন এমবাপ্পে। ৬৯ বছরের ইতিহাসে যা আগে কোনো ফরাসি ফুটবলারের অর্জনের তালিকায় ছিল না।
টানা নবমবারের মতো ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের সেরা দশে জায়গা করে নিয়েছেন এমবাপ্পে। এর মধ্য দিয়ে প্রথম ফরাসি ফুটবলার হিসেবে টানা নয়বার এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। ফ্রান্সের আর কোনো খেলোয়াড় এর আগে এমন ধারাবাহিকতা দেখাতে পারেননি।
২০২৬ সালের ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকায় দ্বিতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে এমবাপ্পের এই রেকর্ড পূর্ণতা পেয়েছে। বছরের পর বছর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজের অবস্থান ধরে রাখার স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে তাঁর এই অর্জনকে।
তবে এমন রেকর্ড গড়েও সন্তুষ্ট হওয়ার কথা নয় এমবাপ্পের। কারণ, ব্যালন ডি’অরের মূল পুরস্কারটি এখনও অধরা তাঁর। এবার প্রথমবারের মতো ক্যারিয়ারের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এই পুরস্কার জয়ের সুযোগ তৈরি হয়েছিল তাঁর সামনে। কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় হয়েই থামতে হয়েছে তাঁকে।
আগামী ব্যালন ডি’অরে সেরা দশে টানা অবস্থানের রেকর্ডটি ১০ বারে উন্নীত করার লক্ষ্য থাকবে এমবাপ্পের। পাশাপাশি এবার অধরা থেকে যাওয়া সেরার পুরস্কারটিও নিজের করে নিতে চাইবেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
