স্কালোনির সঙ্গেই থাকছে আর্জেন্টিনা, ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তি
সংগৃহীত
বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিই আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের দায়িত্বে থাকছেন। নতুন করে দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছেন তিনি। এর ফলে ২০২৮ সাল পর্যন্ত আলবিসেলেস্তেদের ডাগআউটে দেখা যাবে এই কোচকে। চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সুযোগও রাখা হচ্ছে।
সর্বশেষ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি। এরপর তার ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলতে থাকে। অবশেষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে নতুন চুক্তিতে সম্মত হয়েছেন তিনি।
বুয়েনস আইরেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ সংস্থা নোটিসিয়াস আর্জেন্টিনাস ও আর্জেন্টিনার সংবাদমাধ্যম পারফিল এ তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো যাবে।
৪৮ বছর বয়সি স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা করছিলেন। সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার সঙ্গে তার আলোচনা হয়। চুক্তির শর্ত ও আর্থিক বিষয়গুলো নিয়ে সমঝোতার পর দুই পক্ষের আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
তবে স্কালোনির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এএফএর সর্বশেষ বক্তব্যে শুধু চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা শুরুর কথা জানানো হয়েছিল।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে অথবা ৯ থেকে ১৭ নভেম্বরের পরবর্তী আন্তর্জাতিক বিরতির পর নতুন চুক্তির ঘোষণা আসতে পারে।
২০১৮ সাল থেকে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব পালন করছেন স্কালোনি। তার অধীনে দুটি কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। তার কোচিংয়েই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় দলটি।
