চ্যালেঞ্জিং টার্গেট, ধীরে এগোচ্ছে টাইগাররা
জিম্বাবুয়ে ৫০ ওভারে করেছিল ২৭১ রান। টিম টাইগার্সের বর্তমান পারফরম্যান্স বিবেচনায় স্কোরটা বেশ চ্যালেঞ্জিং বটে।
তাই লক্ষ্য তাড়া করতে নেমে রয়েসয়ে খেলার চেষ্টাই করেছে তানজিদ হাসানরা। তারপরও পাওয়ার প্লে শেষ করতে ২ উইকেট হারায় বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ২৭২ রানের লক্ষ্যে নেমে তানজিদ হাসান তামিম চার মেরে ইনিংস শুরু করেছিলেন। পরের ওভারে আরও দুটি। চতুর্থ ও ষষ্ঠ ওভারে জোড়া বাউন্ডারি হাঁকালেন বাংলাদেশের ওপেনার।
সপ্তম ওভারে সৌম্য সরকারের বিদায়ে ৪৭ রানের জুটিতে ৩০ রান করে অবদান রাখেন তানজিদ।
১৭ বলে ৯ রান করে ব্লেসিং মুজারাবানির শিকার হন সৌম্য। ক্যাচ তুলে দেন স্লিপে। তারপর রানের গতি কিছুটা কমে যায়।
পাওয়ার প্লের শেষ ও দশম ওভারে নিজের প্রথম ছক্কা মারেন তানজিদ।
এক বল বিরতি দিয়ে চার। হাফ সেঞ্চুরির খুব কাছে ছিলেন তিনি। কিন্তু নিয়ামহুরির বলে বদলি ফিল্ডার বার্লের ক্যাচ হন। ৪ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তানজিদ। ৩৮ বলে ৯ চার ও ১ ছয়ে ৪৬ রান করেন তিনি।
পাওয়ার প্লেতে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে করেছে ৬৬ রান। নাজমুল হোসেন শান্ত নেমে ৯ বল খেলে মাত্র চার রান করে জিম্বাবুয়ের তৃতীয় শিকার হন। ৬৮ রানে নেই তিন উইকেট। এরপর আঠারো ওভার ছোঁয়ার আগেই ৯৭ রানে আরও এক উইকেট হারায় বাংলাদেশ, সাজঘরে ফেরেন তাওহীদ হৃদয়।
