পিএসজির একাদশে জায়গা হারাচ্ছেন এমবাপ্পে!
রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল সোসিয়াদের মুখোমুখি হচ্ছে ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি। তবে প্রশ্ন উঠেছে রিয়ালের সাথে চুক্তি সেরে ফেলায় স্কোয়াডে নিশ্চিত নন কিলিয়ান এমবাপ্পে।
আর এমন তথ্যটি জানিয়েছে বিন স্পোর্টস। পিএসজি বস লুইস এনেরিকে ম্যাচ পূর্ববর্তী প্রেস কণফারেন্সে ধোঁয়াশা সৃষ্টি করায় এমন শঙ্কার কথা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি। লিগে এমবাপ্পেকে বেশিরভাগই নামতে হচ্ছে সাব হিসেবে। এনেরিকের কাছে তাই জানতে চাওয়া হয়েছিলো এমবাপ্পেকে কি চ্যাম্পিয়নস লিগেও সেভাবে ব্যবহার করবেন কি না—উত্তরে অবশ্য পিএসজি কোচ কনফিউশন রেখে জানিয়েছেন ‘হয়তো, হয়তো নয়। কে জানে আর কে বলতে পারে!’
এমবাপ্পেকে নিয়ে সাবেক বার্সা কোচ আর কথাও বাড়াতে চান নি। আর এ থেকেই যেন দুইয়ে-দুইয়ে মিলে যাচ্চে চার। নেটিজেনরাও এ থেকে বলেই দিচ্ছেন অন্তত এবার আর ফ্রেঞ্চ তারকাকে ধরে রাখতে পারছে না পিএসজি।
এমনিতে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি শেষ হতে এখনো চার মাস বাকি। তবে দুই পক্ষের বিচ্ছেদের বিষয়টি এর মধ্যেই অনেকটা চূড়ান্ত। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এটা অনেকটা নিশ্চিত যে আগামী ৩০ জুনের পর থেকে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে পরিচিতি পেতে যাচ্ছেন।
এমনিতেই ক্লাব ফুটবলে নতুন ট্রান্সফার উইন্ডোর আগমনী বার্তা দিতে দিতেই শুরু হয় এমবাপ্পে নাটকের। বাতাসে গুঞ্জণ ওঠে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি সেরে ফেলেছেন ফ্রেঞ্চ অধিনায়ক। তবে ট্রান্সফার উইন্ডো ক্লোজ হলে দেখা যায় এমবাপ্পে রয়ে গেছেন পিএসজিতেই। অন্তত গত তিন মৌসুমে ৬ টি ট্রান্সফার উইন্ডোতে এটাই দেখা গেছে।
তবে এবার এমবাপ্পের সঙ্গে রিয়ালের চুক্তির বিস্তারিত তথ্যও সামনে এনেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। ফলে ধারনা করা হচ্ছে এবার অন্তত নিশ্চিত রিয়ালে ঘরে পা রাখছেন তিনি।
এমবাপ্পের রিয়ালে যাওয়ার মুহূর্ত যতই ঘনিয়ে আসছে, ততই তিক্ত হচ্ছে পিএসজির সঙ্গে তাঁর সম্পর্ক। পিএসজির হয়ে টানা তিন লিগ ম্যাচে ৯০ মিনিট খেলার সুযোগ পাননি এমবাপ্পে। এখন চ্যাম্পিয়নস লিগেও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে তাঁর পুরো ম্যাচে খেলার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়শা।
অবশ্য এখনো নাসের আল খেলাইফি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমবাপ্পেকে ধরে রাখার। খবর রটেছে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোও আবারো এমবাপ্পেকে প্যারিসেই থেকে যাওয়ার রিকুয়েস্ট করেছেন। এর আগে ২০২২ সালেও এমবাপ্পে টু রিয়াল যখন অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিলো তখন ম্যাক্রোর রিকুয়েস্টেই শেষ পর্যন্ত প্যারিসে থেকে যান বাপ্পি।
তবে এবার কী হবে সেটা সময়ই বলে দেবে। আপাতত পিএসজি এমবাপ্পেকে যেভাবে খেলাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে এবার হয়তো কোনভাবেই যেন মন গলছে না এই সুপারস্টারের।
