জামালের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ ফিফার
১৫ মাসের চুক্তিতে গত বছর আগস্টে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োতে যোগ দিয়েছিলেন জামাল ভূঁইয়া। তবে মেয়াদ অর্ধেক পেরোনোর আগে নভেম্বরেই সম্পর্ক ছিন্ন করেছেন বাংলাদেশ অধিনায়ক। মূলত বেতন নিয়ে সোল দা মায়ো ঝামেলা করায় ক্লাব ছেড়েছেন তিনি। এ নিয়ে ফিফার কাছে অভিযোগও করেছেন জামাল।
ক্লাবটির সাথে প্রায় মাসিক প্রায় সাড়ে ১২ হাজার ডলার বেতনে চুক্তি সেরেছিলেন বাংলাদেশ অধিনায়ক। জামাল অভিযোগ করেন আর্জেন্টাইন ক্লাবটি তার বেতন দিতে গড়িমসি করে। আর তাই ফিফা বরাবর অভিযোগ করে চিঠি পাঠান তিনি। জামালের অভিযোগ এরই মধ্যে আমলে নিয়ে সোল দা মায়োকে এই মাসে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এরইমধ্যে আর্জেন্টিনার ক্লাব থেকে ফিরে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বে খেলার জন্য আবাহনী লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জামাল।
উল্লেখ্য, সোল দা মায়োয়ের জার্সিতে ৪ ম্যাচে ২টি গোল করেন জামাল। দুর্দান্ত ফর্ম এবং অনেক আশা নিয়ে আর্জেন্টিনার ক্লাবটিতে খেলতে গেলেও যাত্রা সুখকর হয়নি। এখন দেখার বিষয় ফিফাকে কী উত্তর দেয় আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দলটি।
