নাগিন ডার্বিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা
ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সমর্থক থেকে শুরু করে দু দলের খেলোয়াড় থেকে বোর্ড কর্তা কিংবা কোচিং স্টাফরাও মেতে ওঠেন কথার লড়াইয়ে।
তবে রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তানের এমন লড়াই এখন বৈশ্বিক টুর্ণামেন্ট ছাড়া দেখা না গেলেও ক্রিকেটে এসেছে নতুন লড়াই। আর সেটা বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ।
এ দু দলের ম্যাচ মানেই যেন এখন বাড়তি উত্তেজনা। অন দ্য ফিল্ড কিংবা অফ দ্য ফিল্ড, লড়াই জমে ওঠে বেশ। দর্শকরা আবার বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াইকে নাম দিয়েছেন নাগিন ডার্বি। আর এর সূত্রপাত অবশ্য ২০১৮ সালে। সে বছর এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ দল। সেই জয় ছাপিয়ে আলোচনায় ছিল মুশফিকুর রহিমের নাগিন ড্যান্স। এরপর গেল বছর বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই এখন বাড়তি উন্মাদনা।
এবার বাংলাদেশের মাটিতে দু দল মুখোমুখি হবে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে। সিলেটে আজ সন্ধ্যা ৬ টায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হতে যাচ্ছে। প্রতিদ্বন্দী দু দল।
সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার কোচ অবশ্য অতীত মনে রাখতে চান না। তার ভাষ্য, 'খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। দুটি দলই ভালো। অতীতে যা হয়েছে, আমার কাছে তা ইতিহাস। সেটা পেছনেই চলে গেছে। সামনে বিশ্বকাপ আছে, তাই নিজেদের প্রস্তুত হতে হবে। প্রত্যেক দলই এখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আমরাও বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি। যেটা বললাম, খুবই রোমাঞ্চকর একটা সিরিজের আশা করছি। দুই দলেই আছে কয়েকজন ভয়ংকর ক্রিকেটার। তাই দারুণ মজা হবে।'
এই সিরিজে ফেভারিট কে, এমন প্রশ্নের জবাবে লঙ্কান এই কোচ নিজেদের এগিয়ে রাখলেন, 'আমি তো বলব শ্রীলঙ্কাই ফেভারিট। তবে যা বললাম, দুই দলই খুব ভালো। সিরিজ জেতা তাই অনেক কঠিন হবে। আমরা সেরা ক্রিকেট খেলতে চাই।'
তবে নিজেদের নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশের নতুন অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘এখানে যারা আছে সবাই ভালো অবস্থানে আছে, আশা করি সবাই ভালো করবে এই সিরিজে। আমাদের টিমে যে ৫-৬ টা বোলার আছে, সবাই অভিজ্ঞ ও দক্ষ। আমার মনে হয় তারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে।’
এদিকে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পরিসংখ্যান সুবিধাজনক নয়। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। লঙ্কানদের নয় জয়ের বিপরীতে টাইগারদের জয় চারটি ম্যাচে। এর মধ্যে কেবল একবার দেশের মাটিতে জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। ওই জয়টি এসেছিল আট বছর আগে এশিয়া কাপে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড নেই টাইগারদের। আর তাই এ সিরিজে শান্তরা অবশ্যই চাইবেন এমন পরিসংখ্যান পরিবর্তন করতে।
