ইংল্যান্ডের লিগে রশিদ খানের মাইলফলক
ছবি : সংগৃহীত
ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’-এ নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। গত রোববার লন্ডনের দ্য ওভালে এমআই লন্ডনের হয়ে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বিপক্ষে মাত্র ২০ বলে ১৭ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন তিনি। এটি দ্য হান্ড্রেডে তার প্রথম ফাইফার এবং চলতি আসরেরও প্রথম পাঁচ উইকেটের রেকর্ড।
এমআই লন্ডন আগে ব্যাট করে নির্ধারিত ১০০ বলে ৬ উইকেটে ১৮৩ রান করে, যা চলতি আসরে তাদের সর্বোচ্চ সংগ্রহ। উইল জ্যাকস ৩১ বলে ৬২ রান এবং নিকোলাস পুরান ২৮ বলে ৫৪ রান করেন। শেষদিকে স্যাম কারান ১১ বলে ২৩ রানের কার্যকর ইনিংস খেলেন। জবাবে ম্যানচেস্টারের ওপেনিং জুটিতে প্রথম ৩০ বলেই ৫৯ রান আসে, তবে রশিদের ঘূর্ণি আক্রমণে তারা দিকভ্রান্ত হয়ে পড়ে।
রশিদ খান টিম সিফার্ট, জস বাটলার, হেনরি ক্লাসেন, টম মুরস ও লিয়াম ডসনকে আউট করেন। ম্যানচেস্টার ৯৫ বলে ১৩৮ রানে গুটিয়ে যায় এবং এমআই লন্ডন ৪৫ রানের জয় পায়। ম্যাচসেরা হন রশিদ খান। এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান শক্ত করল এমআই লন্ডন।
