শতবর্ষী মেসিভক্তের আসল পরিচয় জানা গেল
আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের টিভি সম্প্রচারে প্ল্যাকার্ড হাতে এক প্রবীণ নারীকে দেখা যায়, যাতে লেখা ছিল 'হান্ড্রেড ইয়ার ওল্ড মেসি ফ্যান'। মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পরে জানা যায়, ওই নারীর নাম পলিন কানা। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। টিকটক বা ইনস্টাগ্রামে তিনি 'গ্যাংস্টার গ্র্যানি' বা 'গ্রান্ডমা পলিন' নামে পরিচিত। তার লাখ লাখ অনুসারী রয়েছে।
পলিন কানা তার নাতি রস স্মিথের সঙ্গে নিয়মিত ফানি ভিডিও তৈরি করেন। এই জুটি একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও গড়েছেন।
টিকটকে পলিন কানার অনুসারীর সংখ্যা প্রায় ২ কোটি ৫০ লাখ। ইনস্টাগ্রাম ও ইউটিউব মিলিয়েও তার আরও কয়েক মিলিয়ন অনুসারী রয়েছে। ডব্লিউডব্লিউইর অনুষ্ঠানে উপস্থিতি, বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ কিংবা মজার প্ল্যাকার্ড হাতে হাজির হওয়া—এসবের মাধ্যমেই তিনি কোটি মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
