তামিমকে নিয়ে স্ত্রীর আবেগঘন বার্তা
শুক্রবার পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে ফরচুন বরিশাল। তবে বরিশালের চ্যাম্পিয়ন হওয়ার পরে সবচেয়ে আলোচনা হচ্ছে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে নিয়ে। এবার তাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তাঁর সহধর্মিণী আয়েশা সিদ্দিকা।
এবারের আসর শুরুর আগে স্ত্রী আয়েশা সিদ্দিকাকে তামিম ইকবাল বলেছিলেন, ফরচুন বরিশাল এবার ফাইনাল খেলবে। স্ত্রীকে দেওয়া কথা রেখেছেন তিনি। শুধু ফাইনালই নয়, জিতেছেন শিরোপাও। তামিম এই দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে।
এদিকে, বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর কথা রাখার বিষয়টি তুলে ধরেছেন স্ত্রী আয়েশা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শিরোপাজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন আয়েশা। একই সঙ্গে বরিশালের অধিনায়ক তামিমের প্রতি সমর্থন ও আস্থা রাখায় সবাইকে ধন্যবাদ দেন তিনি।
ফেসবুক পোস্টে আয়েশা লেখেন, 'কী দুর্দান্ত জয় এটি। দলের প্রত্যেকটি খেলোয়াড় অসাধারণ খেলেছেন। একেই বলে দলগত পারফরম্যান্স। একইসঙ্গে যারা তামিমের জন্য দোয়া করেছেন, তার পাশে থেকেছেন সবাইকে ধন্যবাদ জানাই।'
এদিকে, স্বামীর শিরোপা জয়ে আনন্দিত হলেও বেইলি রোডের দুর্ঘটনায় এখনো মর্মাহত আয়েশা। এ প্রসঙ্গও ওঠে এসেছে তার পোস্টে। তিনি লেখেন, 'এত চমৎকার মুহূর্তেও আমার মন পড়ে আছে, গতরাতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায়। গতরাতে যা ঘটেছে, সেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ সবার কষ্ট সহনশীল করে দিন।’
