রোনালদোর নিষিদ্ধ থাকার ম্যাচে পয়েন্ট হারালো আল নাসর
রোনালদোর নিষিদ্ধ থাকার ম্যাচে পয়েন্ট হারালো আল নাসর সময়টা ভালো যাচ্ছে না সিআর সেভেনের। আল শাবাবের দর্শকরা মেসি, মেসি স্লোগান দেয়ায় তাদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি করে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সঙ্গে দিতে হয়েছে ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানাও। সেই নিষেধাজ্ঞার কারণে আল হজমের বিপক্ষে বৃহস্পতিবার রাতে খেলতে পারেননি রোনালদো। তবে পর্তুগিজ যুবরাজের না খেলার দিনে এবার ছোট দলের সাথে পয়েন্ট হারিয়েছে তার দল আল নাসর। আল হাজম সৌদি প্রো লিগে তলানিতে থাকলেও তাদের সঙ্গে ৪-৪ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে আল নাসর। সিআরসেভেনের অনুপস্থিতিতে ম্যাচের ৩১ মিনিটে পেনাল্টি থেকে আল নাসরকে লিড এনে দেন তালিসকা।
এগিয়ে থেকে আল নাসর বিরতিতে গেলেও ৫৩তম মিনিটে কর্নার থেকে হাজমকে সমতাসূচক গোল এনে দেন আহমাদ আল মেমেইদ। আল নাসর ৮ মিনিট পরই ফের তালিসকার গোলে এগিয়ে যায়। তবে সে লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। তোজের গোলে আবারো সমতা আনে হাজম। তবে আল নাসরের সামনে সুযোগ আসে ম্যাচ জয়ের। ৭১মিনিটে বাঁ প্রান্ত থেকে অ্যালেক্স তেলেসের ক্রস থেকে লক্ষ্য ভেদ করে হ্যাটট্রিক পূর্ণ করেন তালিসকা। কিন্তু বিধিবাম! এবারও গোল খেয়ে সেই লিড ধরে রাখতে পারেনি তারা। আল হাজমকে সমতায় ফেরাতে পেনাল্টি এরিয়া থেকে ঠিকানা খুঁজে নিতে কোনো ভুল করেননি ফাইজ সেলেমানি। নির্ধারিত সময়ে খেলা যখন ৩-৩ সমতায় এরপর অতিরিক্ত সময়েও চলতে থাকে এগিয়ে যাওয়া ও সমতায় ফেরার খেলা। যোগ করা সময়ে চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে স্কোর ৪-৩ করেন সাদিও মানে। কিন্তু রেনালদোর ক্লাবকে হতাশ করে শেষ দিকে হাজমকে আবারও সমতায় ফেরান পাওলো রিকার্ডো। শেষ পর্যন্ত ৪-৪ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় রোনালদোবিহীন আল নাসরকে।
প্রো লিগে ২১ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে নেইমারের আল হিলাল। আর ২২ ম্যাচে ৫৩ পয়েন্টের সংগ্রহ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। তবে ড্রয়ের ফলে সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে উঠে গেছে আল হাজম।
