ফিরে আসার জন্য অনেক কিছু ঠিক হতে হবে: তামিম
গত বছরের জুলাই মাসে ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের মাঝপথে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তামিম ইকবাল। এরপর অবশ্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ফিরে আসেন তিনি। তবে কাঁধের চোট থেকে পুরোপুরি ফিট হতে আবারও বিশ্রামে যান বাঁহাতি এই ব্যাটার। অনেক জলঘোলার পর বিতর্কিত ফিটনেস ইস্যুতে গেল ওডিআই বিশ্বকাপে দলে জায়গা হয়নি দেশসেরা এই ওপেনারের। দূরে ছিলেন সব ধরনের ঘরোয়া ক্রিকেট থেকেও।
তবে লম্বা বিরতির পর তামিম ক্রিকেটে ফিরেছেন বিপিএল দিয়ে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে বরিশালকে জিতিয়েছেন শিরোপা। হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। তামিমের এই পারফরম্যান্সকে অনেকে গত বিশ্বকাপে বাদ দেয়ার জবাব হিসেবে মনে করছেন। তামিম অবশ্য সেভাবে ভাবছেন না। নিজের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়েও কথা বলেছেন তিনি।
শুক্রবার রাতে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দশম আসরের ফাইনালের পর সংবাদ সম্মেলনে জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুলেছেন তামিম। এছাড়া ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে কি না, এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘না, আমার সঙ্গে তার (নতুন প্রধান নির্বাচক) কোনো কথাবার্তা হয় নাই। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলার জন্য এভেইলেবল ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সম্ভবত...আমার সঙ্গে বসার কথা ছিল। কিন্তু আমাদের যোগাযোগ আছে। আমি আগামীকাল সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি, আসার পর আবার আমরা বসবো।’
এরপর জাতীয় দলে ফিরতে হলে কিছু বিষয়ের সমাধান চাওয়ার ইঙ্গিতও দিয়েছেন তামিম।
তিনি বলেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই- আমার ফিরে আসার জন্য অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো পয়েন্ট নেই। কারণ আমি ক্যারিয়ারের এমন স্টেজে আছি, হয়তো দুই বছর খেলবো। ওই কথাগুলো উনাদের সঙ্গে বলতে হবে। এখনও যেহেতু উনাদের সঙ্গে ফাইনাল কথা হয়নি। এই সংবাদ সম্মেলনে এসে কিছু বলে দেয়া উপযুক্ত না। ওটা বলাটা উচিত হবে না। ’
এদিকে, বিশ্বকাপের সময় আরও ফিট ছিলেন বলেও দাবি করেন খান সাহেব, ‘ফিজিক্যালি আমি ওই সময় আরও ভালো ছিলাম (বিশ্বকাপের সময়)। এখন তো একটু পেট টেট বের হয়েছে দেখতেছেন। শারীরিকভাবে আমি ওই সময় আরও ভালো অবস্থায় ছিলাম। আমি যেটা বললাম, এটা খুবই আনফেয়ার হবে মন্তব্য করা, আমি যতক্ষণ উনাদের সঙ্গে কথা না বলে থাকি। ’
