৩০ বছর পর ইউরোপা লিগ জিতল অ্যাস্টন ভিলা
ইউরোপা লিগের ফাইনালে অ্যাস্টন ভিলা ৩-০ গোলে ফ্রাইবুর্গকে হারিয়ে দীর্ঘ ৩০ বছরের শিরোপা খরা কাটিয়েছে। বুধবার রাতে এই জয়ের মাধ্যমে কোচ উনাই এমেরি নিজের ঝুলিতে তুলেছেন রেকর্ডগড়া পঞ্চম ইউরোপা লিগ শিরোপা।
ম্যাচে গোল করেছেন ইউরি তিলেমান্স, এমিলিয়ানো বুয়েনদিয়া ও মর্গান রজার্স। ১৯৯৬ সালে ইংলিশ লিগ কাপ জেতার পর এটাই ভিলার প্রথম বড় ট্রফি। ১৯৮২ সালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইউরোপিয়ান কাপ জয়ের পর, ৪৪ বছর পর মহাদেশীয় প্রতিযোগিতায় এটি তাদের প্রথম জয়।
ম্যাচ শেষে তিলেমান্স বলেন, ‘অনুভূতিটা দারুণ। পুরো মৌসুমে আমরা অনেক চড়াই-উতরাই দেখেছি। খুবই বাজেভাবে শুরু করেছিলাম, কিন্তু কোচিং স্টাফ ও খেলোয়াড়দের কঠোর পরিশ্রমে আমরা ঘুরে দাঁড়িয়েছি। শেষে এসে এমন সাফল্য সত্যিই অবিশ্বাস্য।’
প্রথমার্ধের ৪১ মিনিটে তিলেমান্সের ভলিতে এগিয়ে যায় ভিলা। এর কিছুক্ষণ পর বুয়েনদিয়া বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের বাঁকানো শটে দ্বিতীয় গোল করেন। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে রজার্স তৃতীয় গোল করলে ফ্রাইবুর্গের আর ফেরার সুযোগ থাকে না।
ইউরোপা লিগ জয়ে একচ্ছত্র আধিপত্য ধরে রাখলেন এমেরি। এর আগে সেভিয়ার হয়ে তিনবার ও ভিলারিয়ালের হয়ে একবার এই শিরোপা জিতেছিলেন। এই জয়ের মাধ্যমে কার্লো আনচেলত্তি, হোসে মরিনহো ও জিওভান্নি ত্রাপাত্তোনির মতো কোচদের পাঁচটি ইউরোপীয় ট্রফি জয়ের রেকর্ডে ভাগ বসালেন।
অন্যদিকে, ১২২ বছরের ইতিহাসে প্রথমবার বড় শিরোপার স্বপ্ন দেখা ফ্রাইবুর্গ শক্তিশালী ভিলার বিপক্ষে সুবিধা করতে পারেনি। উইঙ্গার ভিনচেঞ্জো গ্রিফো বলেন, ‘আমরা কাপটা জিততে চেয়েছিলাম, কিন্তু অ্যাস্টন ভিলার মতো ক্লাসের দলের বিপক্ষে পেরে ওঠা কঠিন ছিল।’
এই জয়ে ইউরোপীয় ফুটবলে প্রিমিয়ার লিগের আধিপত্য আরও জোরালো হলো। গত মৌসুমে টটেনহ্যাম হটস্পার এই শিরোপা জেতার পর এবার জিতল ভিলা। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনাল এবং কনফারেন্স লিগের ফাইনালে ক্রিস্টাল প্যালেস খেলবে, ফলে ইংল্যান্ডের সামনে বিরল মহাদেশীয় ট্রফি হ্যাট্রিকের হাতছানি।
