বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে শুরু আজ
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দিনের আলোয় অনুষ্ঠিত হবে সিরিজের সবগুলো ম্যাচ। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শুরু করতে পারলে পুরো সিরিজে ভালো পারফরমেন্সের আত্মবিশ্বাস যোগাবে।’
মিরাজ আরও জানান, ‘আমরা গত এক মাস ধরে খুব ভালোভাবে অনুশীলন করেছি এবং বেশিরভাগ অনুশীলন সেশনই দিনের আলোয় হয়েছে। ম্যাচের সময় পরিবর্তনে দলের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি না।’
সিরিজ জয়ের ব্যাপারে দল আত্মবিশ্বাসী জানিয়ে মিরাজ বলেন, ‘দলের মধ্যে বোঝাপড়া চমৎকার। সবাই পারফর্ম করতে এবং অবদান রাখতে মুখিয়ে আছে। সিরিজ জয়ে খেলোয়াড়রা বেশ অনুপ্রাণিত বলে আমার মনে হয়।’
নিউজিল্যান্ডের প্রথম সারির বেশ কয়েকজন খেলোয়াড় না থাকার পরও সফরকারীদের হালকাভাবে নিচ্ছেন না মিরাজ। তিনি বলেন, ‘প্রথম সারির বা দ্বিতীয় সেরা দল বলে কিছু হয় না। এটা জাতীয় দল এবং সবাই নিজ দেশের প্রতিনিধিত্ব করে থাকে। নিউজিল্যান্ড ঐতিহ্যগতভাবে খুবই শৃঙ্খলাপরায়ণ এবং তারা জানে কীভাবে ম্যাচ জিততে হয়। আমাদের খুব সতর্ক থাকতে হবে এবং সেরা পারফরমেন্স করতে হবে।’
নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম বলেন, ‘আমরা এখানে সিরিজ জিততে এসেছি। এটাই আমাদের প্রধান লক্ষ্য। আমাদের দলে এমন কিছু খেলোয়াড় আছে, যাদের এই ধরনের পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা কম। কিন্তু বাংলাদেশের মতো জায়গায় তারা যত বেশি খেলার সুযোগ পাবে, তা আমাদের জন্য ভালো হবে।’
লাথাম আরও জানান, তরুণ খেলোয়াড়দের পথ দেখাতে সিনিয়ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, ‘যখন কোনো দল কম অভিজ্ঞ হয়ে থাকে, তখন যারা এই ধরনের পরিস্থিতিতে আগে খেলেছে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেয়া জরুরি।’
২০২৩ সালে বাংলাদেশের মাটিতে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। সব মিলিয়ে ৪৬ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এরমধ্যে নিউজিল্যান্ড ৩৪টি এবং বাংলাদেশ ১১টি ম্যাচে জয় পেয়েছে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।
