বিপিএল খেলা দেখতে টিকিট সংগ্রহের হিড়িক
বিপিএলের শেষ চারের খেলা দেখার জন্য টিকিট সংগ্রহের হিড়িক পড়েছে। আজ সোমবার ভোর থেকেই টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। বেলার বাড়ার সাথে সাথে স্টেডিয়াম এলাকায় ভিড়ও বাড়তে থাকে।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ (সোমবার) থেকে শুরু হচ্ছে বিপিএলের শেষ চারের খেলা। দিনের প্রথমে এলিমিনিটর ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশাল। এছাড়া সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামছে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সকাল থেকেই মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেটের বুথে দর্শকদের লম্বা লাইন। সাধারণত এমন লাইন অনেকদিন পরই দেখা গেল। দুরদূরান্ত থেকে খেলা দেখতে আসা এসব দর্শকরা মাঠে সাপোর্ট দিতে চান দলকে। যে কারণে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন টিকিটের অপেক্ষায়।
এদিকে মিরপুরের ইনডোর স্টেডিয়াম বুথেও দর্শকদের লম্বা লাইন। সবার কথা একটাই তারকা ক্রিবেটারদের খেলা দেখবেন। কেননা এদিন তো দেশের তারকা সাকিব আল হাসান, তামিম ইকবালরা মাঠে নামবেন। থাকবেন লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদরাও।
এছাড়া এরইমাঝে শেষ হয়ে গিয়েছে অনলাইনের সব টিকিট। তারাও প্রিন্ট কপির জন্য ভিড় জমিয়েছেন মিরপুরে। সাধারণ দর্শকদের জন্য টিকিটের মূল ভরসাও এখন স্টেডিয়াম প্রাঙ্গণ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফের টিকিটের দাম বাড়ানো হয়েছে। রাউন্ড রবিন লিগে টিকিটের সর্বনিম্ন দাম ২০০ থাকলেও প্লে-অফে সেটা করা হয়েছে ৩০০। দাম বেড়েছে আগের ৪০০ টাকার টিকিটেরও। প্লে-অফে এই টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়।
গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে টিকিটের দাম জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম বাড়িয়ে করা হয়েছে ৩০০ টাকা। নর্থ এবং সাউথ স্ট্যান্ডের টিকিটের দামও বেড়েছে। লিগ পর্বে ৪০০ টাকা থাকলেও প্লে অফে এই টিকিটের দাম করা হয়েছে ৫০০ টাকা।
ক্লাব হাউজের টিকিটের দাম ৮০০ টাকাই থাকছে। দাম অপরিবর্তিত আছে ভিআইপি স্ট্যান্ড এবং গ্র্যান্ড স্ট্যান্ডেরও। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ২৫০০ টাকা আর ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম ১৫০০ টাকা।
