যে কারণে সহ-অধিনায়ক তাসকিন
চোটাগ্রস্ত তাসকিন আহমেদকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগার পেসারকে দেওয়া হয়েছে নতুন দায়িত্ব। করা হয়েছে সহ-অধিনায়ক। তাসকিনকে ভাইস-ক্যাপ্টেন কেন করা হলো, সেই ব্যাখ্যা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ। আজ মিরপুরে প্রেস ব্রিফিংয়ে তাসকিনকে সহ-অধিনায়ক বানানো প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘সে (তাসকিন) আরেক প্রজন্মের উদীয়মান একজন খেলোয়াড়। একটি বিভাগের নেতৃত্ব দিচ্ছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছে বিভিন্ন সংস্করণে। সে জন্য তাকেই হয়তো প্রত্যাশিত প্রার্থী মনে হয়েছে।’
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। নির্বাচক লিপু জানান, সেই সিরিজে খেলা হচ্ছে না তাসকিনের। তবে দলের সঙ্গী হয়েই যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। চলবে তাসকিনের চিকিৎসা। বিশ্বকাপের আগে টাইগার পেসার সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন গাজী আশরাফ হোসেন। তিনি বলেন, ‘যতটুকু তথ্য আছে, সেটা হলো বিশ্বকাপ চলাকালীন সময়ে সে সুস্থ হয়ে উঠবে। আপনারা জানেন যে, এবারের নিয়ম হলো একজন চোটে থাকা ক্রিকেটারকেও দলে রেখে টুর্নামেন্টে ঢুকতে পারবেন এবং উনি যদি ভালো হয়ে ওঠেন, তাহলে ভালো। আর না হলে পরিবর্তন করা যাবে। তবে তাসকিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে পারছে না।’
বিশ্বকাপের রিজার্ভে রয়েছেন পেসার হাসান মাহমুদ। তাসকিন সুস্থ না হলে কপাল খুলবে তার। গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘যদি সে (তাসকিন) খেলতে না পারে, তাহলে বিসিবি তাদের (রিজার্ভ) নজরে আনবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই মুহূর্তে আমি পরিষ্কার উত্তর দিতে পারছি না। যদি সে কোনো কারণে না খেলে, তবে তার পরিবর্তে অন্য কাউকে দেওয়া হবে। আশা করি, এমন কিছু না হোক।’
