বাংলাদেশ ইস্যুতে অনিশ্চয়তায় পাকিস্তান, বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ
সংগৃহীত
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির কারণে জাতীয় দলের বিশ্বকাপসংক্রান্ত সব প্রস্তুতি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পাকিস্তান অবজারভারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী করণীয় কী হবে, সে বিষয়ে পরে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টকে অবহিত করা হবে। একই সঙ্গে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে যদি কোনো জটিলতা তৈরি হয়, সে ক্ষেত্রে বিকল্প পরিকল্পনা কী হতে পারে, তা নিয়েও একটি সমান্তরাল রূপরেখা প্রস্তুত করতে নির্দেশ দেওয়া হয়েছে দল পরিচালনা বিভাগের প্রতি।
এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে বাংলাদেশ ইস্যু। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশের যে অবস্থান, তাকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। বিশেষ করে বাংলাদেশের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগকে পাকিস্তানের পক্ষ থেকে যুক্তিসংগত ও ন্যায্য বলে বিবেচনা করা হয়েছে।
সূত্রের দাবি, বাংলাদেশকে ঘিরে চলমান অনিশ্চয়তার কোনো সমাধান না হলে পাকিস্তানও নিজেদের অবস্থান নতুন করে বিবেচনা করতে পারে। এমনকি প্রয়োজনে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
সব মিলিয়ে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ থেকে উদ্ভূত পরিস্থিতি পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপরই প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ফেব্রুয়ারিতে টুর্নামেন্টটি হওয়ার কথা রয়েছে। সূচি অনুযায়ী, আসর শুরু হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তান যদি একসঙ্গে কঠোর অবস্থানে অনড় থাকে, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে সমঝোতার পথ খুঁজতেই হবে। অন্যথায় বিশ্বকাপ শুরুর আগেই আন্তর্জাতিক ক্রিকেট নতুন করে বড় ধরনের কূটনৈতিক ও ক্রীড়া সংকটে পড়তে পারে।
