৮ বলেই নাসুমের পাঁচ শিকার, বিপিএলে নোয়াখালীর বিব্রতকর রেকর্ড
সংগৃহীত
ইনিংসের শুরু থেকেই ধুঁকছিল নোয়াখালী এক্সপ্রেস। চতুর্থ ওভারে মাত্র চার বলের ব্যবধানে ২৮ রান খরচ করে দুটি উইকেট হারায় দলটি। সপ্তম ওভারের মধ্যেই আরও দুই ব্যাটার ফিরলে চাপ আরও বাড়ে। এরপর চার ওভারের বিরতিতে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪৬। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর আভাস মিললেও নাসুম আহমেদের বিধ্বংসী বোলিংয়ে সবকিছু ভেস্তে যায়। মাত্র ১৫ রানের ব্যবধানে শেষ ছয় উইকেট হারিয়ে গুটিয়ে যায় নোয়াখালী।
এর আগে সৌম্য সরকারকে ফিরিয়ে ম্যাচে প্রভাব ফেলেন নাসুম। ১১তম ওভারের পঞ্চম বলে হায়দার আলীকে আউট করে নিজের শিকার বাড়ান তিনি। এরপর নিজের শেষ ওভারে আরও ভয়ংকর হয়ে ওঠেন সিলেটের এই স্পিনার। ১৩তম ওভারে টানা দুই বলে মেহেদী হাসান রানা ও জহির খানকে সাজঘরে পাঠান। পরের বলেই বিলাল সামি হ্যাটট্রিক ঠেকালেও এক বল পর তাকেও ফিরিয়ে দিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন নাসুম। মাত্র ৮ বলের ব্যবধানে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। চার ওভারে মাত্র ৭ রান খরচায় নাসুমের শিকার ৫ উইকেট।
নোয়াখালীর ইনিংসের ইতি ঘটে ১৫তম ওভারে। মোহাম্মদ আমির আউট করেন ইনিংসসেরা ২৫ রান করা মাহিদুল ইসলাম অঙ্কনকে। তাতে ৬১ রানে অলআউট হয় নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলের ইতিহাসে এটি সর্বনিম্ন দলীয় রানের তালিকায় চতুর্থ অবস্থানে। ২০১৯ সালে রংপুরের বিপক্ষে কুমিল্লার করা ৬৩ রানের পর এটিই টুর্নামেন্টের সবচেয়ে কম দলীয় সংগ্রহ। এই তালিকার শীর্ষে রয়েছে খুলনা, যারা ২০১৬ সালে রংপুরের বিপক্ষে মাত্র ৪৪ রানে গুটিয়ে গিয়েছিল।
নোয়াখালীর ব্যাটিং ব্যর্থতার চিত্র আরও স্পষ্ট হয় চার ব্যাটারের শূন্য রানে আউট হওয়ায়। মাহিদুল ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল হাবিবুর রহমান সোহান, তার সংগ্রহ ১৮ রান।
