আলভেজের জরিমানার অর্থ দিলেন নেইমার
ধর্ষণ মামলায় ব্রাজিলের সাবেক রাইটব্যাক দানি আলভেজকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছে বার্সেলোনার আদালত। সঙ্গে ১ লাখ ৫০ হাজার ইউরো ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশও দিয়েছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল জানিয়েছে, আলভেজের জরিমানার টাকাটা (১ লাখ ৫০ হাজার ইউরো) দিয়েছে নেইমারের পরিবার। তার সাজা কমানোর ক্ষেত্রে এই বিষয়টি বড় ভূমিকা রেখেছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।
ইউওএল জানিয়েছে, গত ৯ আগস্ট নেইমার এই টাকাটা নেইমার স্পেনের আদালতে পাঠিয়েছেন। ভুক্তভোগীর যে নৈতিক এবং শারীরিক ক্ষতি সাধিত হয়েছে, তা প্রশমনে আলভেজকে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেটি দিলে সাজার মেয়াদও কমবে বলা হয়েছিল। প্রতিবেদনের ভাষায়, ভুক্তভোগীকে টাকাটা ‘দিতে বলা হয়েছিল তাঁর সাজার মেয়াদ কমানোর জন্য’।
২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার নৈশক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে ২০২৩ সালের জানুয়ারিতে মামলা হয় আলভেজের বিরুদ্ধে। সে মাসেই গ্রেপ্তার হন আলভেজ এবং তারপর থেকেই স্পেনে কারাবন্দী জীবন কাটছিল তাঁর। জেলখানায় আটক থাকা অবস্থায় আলভেজ ব্রাজিলে নিজের সম্পদের সাহায্যও নিতে পারেননি। ইউওএল জানিয়েছে, সাবেক স্ত্রী দিনোরাহ সানতানার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর আদালতের নির্দেশে ব্রাজিলে তাঁর সম্পত্তি জব্দ করা হয়।
সবকিছু মিলিয়ে আলভেজের আর্থিক অবস্থা সঙিন হয়ে পড়ায় নেইমারের সাহায্যের দরকার পড়েছিল। ব্রাজিল জাতীয় দল এবং বার্সেলোনায় সতীর্থ ছিলেন নেইমার ও আলভেজ। দু’জনের মধ্যে সম্পর্কও বেশ ভালো। নেইমার ও তাঁর বাবা টাকাটা পাঠিয়ে আলভেজকে সহায়তা করেছেন।
